শিশুর গলায় ছুরি ঠেকিয়ে বাসে যাত্রীদের জিম্মি

ঢাকার সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে চলন্ত বাসে যাত্রীদের জিম্মি করে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। একদল ছিনতাইকারী বাসে উঠে ধারালো অস্ত্র ঠেকিয়ে যাত্রীদের জিম্মি করে টাকা, মোবাইল ফোন ও স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে যায়। ছিনতাইকারীদের বাধা দিতে গিয়ে এক যাত্রী ছুরিকাঘাতে আহত হয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় সাভারের বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) সামনে থেকে জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলসংলগ্ন ফটক এলাকা পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়কে ছিনতাইয়ের এ ঘটনা ঘটে। ছিনতাইকারীদের ছুরির আঘাতে আহত মো. শামীম হোসাইনকে (৩০) সাভারের বেসরকারি এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

জানা গেছে, গতকাল বিকেলে ওয়েলকাম পরিবহনের যাত্রীবাহী একটি বাস ঢাকার মতিঝিল থেকে চন্দ্রার উদ্দেশে ছেড়ে যায়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাসটি সাভারে বিপিএটিসির সামনে পৌঁছলে তিন-চারজনের ছিনতাইকারী দল বাসে ওঠে। তারা এক শিশুসহ কয়েকজনের বুকে ধারালো অস্ত্র ঠেকিয়ে যাত্রীদের জিম্মি করে। পরে বাসে থাকা ১৫-২০ জন যাত্রীর কাছ থেকে টাকা, মোবাইল ফোন ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। কয়েকজন বাধা দেওয়ার চেষ্টা করলে তাদের মারধরসহ একজনকে ছুরিকাঘাত করা হয়। পরে ছিনতাইকারীরা জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলসংলগ্ন ফটকের সামনে ঢাকা-আরিচা মহাসড়কে গতিরোধকে (স্পিডব্রেকার) নেমে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি বিশ^বিদ্যালয়ের মূল ফটকের সামনে পৌঁছানোর পর কয়েকজন শিক্ষার্থী বাসটি থামিয়ে চালক ও চালকের সহকারীকে জিজ্ঞাসাবাদ করেন। পরে বাসটি বিশমাইল এলাকায় নিয়ে যান তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসসহ বাসের চালক ও চালকের সহকারীকে হেফাজতে নেয়।

বাসটিতে থাকা একাধিক ভুক্তভোগী জানান, বাসটি সাভার রেডিও কলোনি এলাকা পার হওয়ার পর তিন যুবক ধারালো অস্ত্র নিয়ে যাত্রীদের জিম্মি করে। প্রথমে তারা বাসের সামনের দিকের সিটে বসে থাকা এক যাত্রীকে ছুরিকাঘাত করে। এরপর তারা বাসের এক শিশুযাত্রীর গলায় চাকু ধরে। পরে সব যাত্রীর কাছ থেকে টাকাপয়সা ও মালামাল লুট করে।

ছুরিকাঘাতে আহত বাসযাত্রী মো. শামীমকে প্রথমে জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয় মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ওই হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক হাসান মাহবুব বলেন, শামীম নামে ছুরিকাঘাতে আহত একজনকে হাসপাতালে আনা হয়েছে। তার শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

সাভার মডেল থানার ওসি মোহাম্মদ জুয়েল মিয়া বলেন, তাদের একটি দল বিষয়টি নিয়ে তদন্ত করছে।