শেরপুরের নালিতাবাড়ীর গারো পাহাড়ের ভোগাই নদীতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ শনিবার বিকেলে তাদের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। তারা এখানে ঘুরতে এসেছিল।
মৃত দুই শিক্ষার্থী হলো ময়মনসিংহ জেলা সদরের হুমায়ুন কবিরের ছেলে সপ্তম শ্রেণি পড়ুয়া সাজিদ এবং একই জেলার হালুয়াঘাট উপজেলার আহমদ আলীর ছেলে কলেজ পড়ুয়া শিক্ষার্থী মিহান।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, শিক্ষার্থী সাজিদ ও মিহান হালুয়াঘাটে নানা বাড়িতে বিয়ের দাওয়াতে এসেছিল। সেখান থেকে শনিবার দুপুরে ঘুরতে আসে শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার গারো পাহাড়ের পানিহাটা দর্শনীয় স্থানে। অন্যদের সঙ্গে সাজিদ ও মিহান ভারত সীমান্তঘেঁষা ভোগাই নদীতে খেলতে নামে। একপর্যায়ে ওই দুই শিক্ষার্থী পানির তোড়ে ভেসে গিয়ে নিখোঁজ হয়। বিকেলে জামালপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল দুই ছাত্রের মরদেহ উদ্ধার করে।
এ ব্যাপারে ফায়ার সার্ভিস জামালপুর ইউনিটের লিডার আবু বক্কর সিদ্দীক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘নদীর ওই অংশের গভীরতা বেশি থাকায় ছেলে দুটি পানিতে ডুবে গিয়ে মারা যায়। আমরা তাদের মরদেহ উদ্ধার করে নালিতাবাড়ী থানা-পুলিশের হেফাজতে দিয়েছি।’