‘৯০ ভাগ মুসলমানের দেশে মাহফিল বন্ধ করেছিল ফ্যাসিস্ট হাসিনা’

'ফ্যাসিস্ট হাসিনা গণতন্ত্রকে টুকরো টুকরো করেছে। ৯০ ভাগ মুসলিম দেশে কোরআনের মাহফিল বন্ধ করেছিল ফ্যাসিস্ট হাসিনা। আজকে ফিলিস্তিন, সিরিয়ায় মুসলিমদের যেভাবে মারছে তার চেয়েও ফ্যাসিস্ট হাসিনা বেশি অত্যাচারী ছিল। আল্লাহ নিজ হাতে তার কাছ থেকে রক্ষা করেছেন।'

আজ ২১ ডিসেম্বর (শনিবার) বিকেলে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ শেরপুর শহীদিয়া আলিয়া (কামিল) মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানে সাবেক সংসদ সদস্য গোলাম মোহাম্মাদ সিরাজ একথা বলেন।

তিনি বলেন, ফ্যাসিস্ট হাসিনার সাহসে ভারত স্বাধীন বাংলাদেশের পতাকা পুড়িয়ে দিয়েছে। ভারতকে বুঝতে হবে আগের বাংলাদেশ আর নেই। এখন বাংলাদেশের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ড.মোহাম্মদ ইউনূস। তার এক ধমকেই তোমরা শেষ, তার হাত ধরেই গণতন্ত্রে ফিরবে বাংলাদেশ।

প্রাক্তন শিক্ষার্থী, বিশিষ্ট শিল্পপতি ও শেরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব দবিবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহা. হাছানাত আলী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের (অব.) অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. এফ এম এ এইচ তাকী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও সাবেক বিভাগীয় প্রধান ড. শেখ মুহা. আব্দুস সালাম।

অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও উলিপুর আমেরিয়া সমতুল্যা মহিলা ফাজিল মাদরাসার অধ্যক্ষ আব্দুল হাই বারীর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য কে এম মাহবুবার রহমান হারেজ, বগুড়া জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দ, শেরপুর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, জামায়াতের বগুড়া জেলা সেক্রেটারি মানছুর রহমান, শেরপুর উপজেলার সিনিয়র নায়েবে আমির নামজুল হক, প্রাক্তান শিক্ষার্থী ড. মো. আব্দুর রাজ্জাক, প্রাক্তন শিক্ষার্থী মহিপুর দাখিল মাদরাসার সুপার আব্দুস সাত্তার, সাবেক ব্যাংক কর্মকর্তা ও প্রাক্তন শিক্ষার্থী মো. সালাউদ্দিন।

শতবছরের প্রাচীন মাদরাসা প্রাঙ্গণে প্রথমবারের মতো আয়োজিত অনুষ্ঠানকে ঘিরে আনন্দে মেতে ওঠেন মাদরাসার সাবেক শিক্ষার্থীরা। দীর্ঘদিন পর পরিচিত সহপাঠী-বন্ধু ও পরিচিত মুখগুলোকে কাছে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন অনেকেই। সবাই যেন পুরনো সব স্মৃতি খুঁজে ফিরছিলেন। স্মৃতিচারণে সবাই ফিরে যান সেই উচ্ছল তারুণ্যভরা দিনগুলোতে।