এই বছর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) শেষ বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে আজ শনিবার। বোর্ড সভা শেষে বিসিবি প্রধান ফারুক আহমেদ নানা বিষয়ে কথা বলেন। সেই সময়ে তিনি জানান, নারী ক্রিকেটাররাও পাবেন উইনিং বোনাস। বাড়বে চুক্তিতে নারী ক্রিকেটারদের সংখ্যাও।
পরে রাতে এক ই-মেইলের মাধ্যমে সেন্ট্রাল কন্ট্রাক্টে থাকা নারী ক্রিকেটারদের বেতন বৃদ্ধির বিষয়টি জানায় বিসিবি।
জাতীয় দলে খেলা নারী ক্রিকেটারদের নতুন চুক্তিটি ২০২৪ সালের অক্টোবর মাস থেকে কার্যকর হয়েছে। চুক্তির মেয়াদ থাকবে ২০২৫ সালের জুন পর্যন্ত।
সেন্ট্রাল কন্ট্রাক্টে আছেন মোট ১৮ জন খেলোয়াড়। নতুন চুক্তিতে 'এ' ও 'বি' ক্যাটাগরিতে থাকা খেলোয়াড়দের বেতন বাড়ানো হয়েছে মাসে ২০ হাজার টাকা করে। 'সি' ও 'ডি' ক্যাটাগরিতে থাকা খেলোয়াড়দের বেতন বেড়েছে মাসে ১০ হাজার টাকা করে।
'এ' ক্যাটাগরিতে থাকা খেলোয়াড়রা আগে মাসে পেতেন ১ লাখ টাকা করে। নতুন চুক্তিতে পাবেন ১ লাখ ২০ হাজার টাকা। 'বি' ক্যাটাগরিতে থাকা খেলোয়াড়রা আগে পেতেন মাসে ৮০ হাজার, নতুন চুক্তিতে পাবেন ১ লাখ টাকা করে।
'সি' ক্যাটাগরিতে থাকা খেলোয়াড়দের বেতন ১০ হাজার টাকা বেড়ে হয়েছে ৭০ হাজার টাকা। আর 'ডি' ক্যাটাগরিতে থাকা খেলোয়াড়দের বেতন ১০ হাজার টাকা বেড়ে হয়েছে ৬০ হাজার টাকা।
'সি' ক্যাটাগরি থেকে 'বি' ক্যাটাগরিতে উন্নিত হয়েছেন শারমিন আক্তার সুপ্তা, মুর্শিদা খাতুন ও মারুফা আক্তার। 'ডি' ক্যাটাগরি থেকে 'বি' ক্যাটাগরিতে উন্নিত হয়েছেন রাবেয়া। এছাড়া ডি ক্যাটাগরি থেকে 'সি' ক্যাটাগরিতে এসেছেন সোমা আক্তার।
একই ই-মেইলে জানানো হয়েছে নারী ক্রিকেটাররা ম্যাচ এবং সিরিজ জয়ী হলে পুরস্কারের বিষয়ে। সেন্ট্রাল কন্ট্রাক্টের বাইরে থাকা ৩০ খেলোয়াড়ের ন্যাশনাল চুক্তির আওতায় আসার বিষয়েও জানানো হয়েছে। কোন ৩০ ক্রিকেটার থাকছেন এই ন্যাশনাল কন্ট্রাক্টে সেটিও জানিয়েছে বিসিবি। তাদের চুক্তির মেয়াদ ১ নভেম্বর ২০২৪ থেকে ৩০ জুন, ২০২৫ পর্যন্ত হবে।
সেন্ট্রাল কক্ট্রাক্টে আছেন যারা -
'এ' ক্যাটাগরিতে : নিগার সুলতানা জ্যোতি, ফারজানা হক, রিতু মনি, নাহিদা আক্তার।
'বি' ক্যাটাগরিতে : ফাহিমা খাতুন, শামীমা সুলতানা, শারমিন আক্তার সুপ্তা, মুর্শিদা খাতুন, মারুফা আক্তার, রাবেয়া।
'সি' ক্যাটাগরিতে : সোবহানা মোস্তারি, লতা মন্ডল, জাহানারা আলম, সোমা আক্তার।
'ডি' ক্যাটাগরিতে : দিশা বিশ্বাস, সুলতানা খাতুন, দিলারা আক্তার, সাথি রানি।