বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের বাইরে কেবল ফুটবলের জন্য আর কোনো ভেন্যু ছিল না এতদিন। এ নিয়ে আক্ষেপের শেষ ছিল না বাংলাদেশ ফুটবল ফেডারেশন কর্তাদের। গত কয়েক বছর ধরে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম থেকেও ফুটবল নির্বাসনে আছে বিরামহীন সংস্কারকাজ চলায়। তবে মাঠ না থাকার আক্ষেপ এবার কিছুটা হলেও ঘুচবে। জাতীয় ক্রীড়া পরিষদ ১০ বছরের জন্য চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়াম ব্যবহারের অনুমতি দিয়েছে বাফুফেকে।
যুব ও ক্রীড়া উপদেষ্টা এবং জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া শনিবার বিকেলে একটি আন্তর্জাতিক ব্যাডমিন্টন প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে এসে ফুটবলের জন্য দিয়েছেন এই সুসংবাদ। শনিবার আসিফ পল্টনের শহীদ তাজউদ্দীন আহমদ ইনডোর স্টেডিয়ামে গিয়েছিলেন সানরাইজ-ইউনেক্স আন্তর্জাতিক সিরিজ ব্যাডমিন্টন প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে। অনুষ্ঠান শেষে তিনি বলেন, ‘বাফুফেকে চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়াম দশ বছরের জন্য দেওয়া হয়েছে। সেখানে সংস্কারকাজ করে ফুটবল শুরু হতে পারে। তাছাড়া এই স্টেডিয়ামের (বঙ্গবন্ধু) কাজ ডিসেম্বরের মধ্যেই শেষ হওয়ার কথা আমাকে জানানো হয়েছিল। জানুয়ারি থেকে এখানেও খেলা শুরু করতে পারে।’
ক্রীড়া উপদেষ্টা ইংলিশ লিগ তারকা হামজা চৌধুরীর বাংলাদেশের হয়ে খেলার অনুমতি পাওয়ার বিষয়টি নিয়েও কথা বলেছেন, ‘বাফুফেকে ধন্যবাদ, তারা বেশ কিছুদিন ধরেই হামজার বিষয়ে ফিফার সঙ্গে কাজ করছিল। হামজা আসায় আমাদের পারফরম্যান্স সামনের দিনগুলোতে আরও ভালো হবে। আমি আশা করি তার সংযুক্তিতে বাংলাদেশের ফুটবল বদলাবে। তার মাধ্যমে এটা একটা শুরু।’
ক্রিকেট ও ফুটবলের বাইরে অন্য খেলার খেলোয়াড়রা সেভাবে সুযোগ-সুবিধা পান না। ফেডারেশনগুলোও বাজেট-অবকাঠামো নানা সমস্যায় জর্জরিত। অন্য খেলার ও খেলোয়াড়দের উন্নয়ন নিয়ে ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘ক্রিকেট ফুটবলের বাইরে স্পন্সর সেভাবে নেই। আবার ক্রিকেট ছাড়া অন্য কোনো খেলা আন্তর্জাতিক অঙ্গনে সেভাবে নেই। আমরা চেষ্টা করছি স্পোর্টস ভিলেজ এবং ইনস্টিটিউট করার। যাতে খেলোয়াড়রা উন্নত প্রশিক্ষণ ও সুযোগ-সুবিধা পান।’