ছয় মাস বন্ধ থাকার পর আমদানি-রপ্তানিতে ফিরল জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর স্থলবন্দর। দীর্ঘ সময় বন্ধ থাকার পর এ বন্দরে পাথর আমদানি শুরু করেছে ব্যবসায়ীরা।
রবিবার (২২ ডিসেম্বর) দুপুর ১২টায় ভারত থেকে ২০ ট্রাক পাথর এই বন্দরে প্রবেশ করে। পরে বন্দর থেকে শুল্ক কর্মকর্তাদের তদারকিতে ট্রাকগুলো খালাস করা হয়।
প্রথম দিনে প্রতিটি ট্রাকে ১২ মেট্রিক টন করে ২৪০ মেট্রিক টন পাথর আমদানি করা হয়। এখন থেকে সরকারি ছুটির বাইরে প্রতিদিন পাথর আমদানি হবে বলে জানিয়েছেন শুল্ক কর্মকর্তা।
দীর্ঘদিন পর এই বন্দর দিয়ে পাথর আমদানি শুরু হওয়ায় খুশির আমেজ বিরাজ করছে বন্দরের ব্যবসায়ী, আমদানি-রপ্তানিকারক সমিতি ও শ্রমিকদের মধ্যে।
তবে স্থানীয়রা জানান, পূর্বের মত চাঁদাবাজি ও শুল্ক ফাঁকি দিতে গিয়ে যেন পুনরায় বন্দরের আমদানি কার্যক্রম বন্ধ হয়ে না যায় সেদিকে খেয়াল করে ব্যবসা-বাণিজ্য চালানো উচিত।
ধানুয়া কামালপুর আমদানি-রপ্তানিকারক সমিতির সাধারণ সম্পাদক মো. পলাশ জানান, দীর্ঘ ছয় মাস বন্ধ থাকার পর পুনরায় পাথর আমদানি শুরু হয়েছে। আগের মতই প্রাণবন্ত হয়ে উঠবে বন্দরের কার্যক্রম। ফলে বেকার শ্রমিকরা পুনরায় কাজে ফিরবে এবং ব্যবসায়ীরা অর্থনতিকভাবে লাভবান হবেন।
আমদানি-রপ্তানিকারক সমিতির নেতা গোলাম রসুল সেতু জানান, ধানুয়া কামালপুর স্থল বন্দর দিয়ে ৩৪টি পণ্য আমদানির অনুমোদন থাকার পরও শুধুমাত্র পাথর আমদানি করা হয় এই বন্দর দিয়ে। দেশের আমদানি-রপ্তানিকরক ও ব্যবসায়ীদের এই বন্দরে ব্যবসা করার আহ্বান জানান।
বন্দরের শুল্ক বিভাগের সহকারী রাজস্ব কর্মকর্তা রেজাউল করিম জানান, নানা জটিলতায় দীর্ঘদিন বন্দর বন্ধ থাকে। আবারও পাথর আসতে শুরু করেছে। আশাকরি এই কার্যক্রম অব্যাহত থাকবে।