গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, নির্বাচন নিয়ে এখনই যারা তাড়াহুড়ো করছেন আমি মনে করি আপনারা আওয়ামী ফ্যাসিবাদের পুনর্বাসনের সুযোগ করে দিচ্ছেন। শেখ হাসিনা ১৬ বছর ছিল না? এবার না হলে আরও ৪ বছর থাকত না? এই সরকার দুই বছর থাকুক না, দেখি দুই বছরে কী করে।
গতকাল রবিবার ডাকসু হামলার ৫ বছর পূর্তি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদের আয়োজিত প্রতিবাদ সভায় এসব কথা বলেন তিনি।
ডাকসুর সাবেক ভিপি নুর বলেন, সরকারের কাজের সমালোচনা করুন। প্রয়োজনে তাদের পদত্যাগ করাব কিন্তু এই সরকারের হাত দিয়েই গণহত্যার বিচার এবং রাষ্ট্র সংস্কার করতে হবে। এখন পর্যন্ত দৃশ্যমান কোনো ব্যবস্থা নিতে আমরা দেখিনি। আমরা জানি সরকারের দুর্বলতা আছে, সরকার সেগুলো মোকাবিলা করে সফল হয়ে উঠুক। সংস্কার কমিশন, প্রস্তাবনা দিয়ে সবকিছু বিচার-বিশ্লেষণ করা যায় না। কিছু ডিরেক্ট অ্যাকশনে যেতে হবে।
তিনি আরও বলেন, শুধুমাত্র পুলিশের সংস্কারের কথা বলছেন। প্রশাসন, জনপ্রশাসন, নির্বাচন ও মানবাধিকার কমিশন এবং এমনকি সামরিক বাহিনীরও সংস্কার দরকার। ১৬ বছরে এমন কোনো জায়গা আছে যেখানে ফ্যাসিবাদী ব্যবস্থা গড়ে ওঠেনি? সুতরাং দেশকে একদম ঢেলে সাজাতে হবে।