৮২৫ কনটেইনার নিয়ে ফের পাকিস্তানি জাহাজ

দ্বিতীয়বারের মতো পাকিস্তান থেকে সরাসরি জাহাজ ভিড়ল চট্টগ্রাম বন্দরে। পাকিস্তানের করাচি বন্দর থেকে চিনি-আলু-আখের গুড়-কাপড়ের রোল এবং শিল্পের কাঁচামাল বিভিন্ন কেমিক্যালসহ পণ্যবাহী ৮২৫ একক কনটেইনার নিয়ে চট্টগ্রাম বন্দরের ভিড়েছে আলোচিত জাহাজ এমভি ইউয়ান জিয়াং ফা ঝং। গতকাল রবিবার বিকেল ৩টায় জাহাজটি চট্টগ্রাম বন্দরের জেটিতে বার্থিং নেয়। মাত্র ১১ দিনে পাকিস্তান থেকে পণ্য নিয়ে আসা জাহাজটি গত শনিবার বিকেল থেকে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অবস্থান নিয়েছিল।

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি) ২ নম্বর জেটিতে নোঙর করা পানামার পতাকাবাহী এমভি ইউয়ান জিয়াং ফা ঝং জাহাজটিতে পণ্যবাহী ৮২৫ একক কনটেইনার রয়েছে। এর মধ্যে পাকিস্তানের করাচি বন্দর থেকে ৬৭৮টি কনটেইনার লোড হলেও বাকিগুলো লোড হয়েছিল আরব আমিরাতের জেবল আলি বন্দর থেকে।