ব্রাজিলে একটি সেতু ভেঙে পড়ে একজন নিহত হয়েছেন ও পাঁচজন নিখোঁজ রয়েছেন। এ দুর্ঘটনায় সালফিউরিক এসিডবাহী একটি ট্যাঙ্কারসহ তিনটি ট্রাক তোকানটিনস নদীতে পড়ে ডুবে যায়। রবিবার বিকেলে ব্রাজিলের উত্তরাঞ্চলীয় ও উত্তরপূর্বাঞ্চলীয় দু’টি রাজ্যকে সংযোগকারী একটি সেতুতে এ দুর্ঘটনা ঘটে।
দেশটির জাতীয় পরিবহন পরিকাঠামো বিভাগ জানায়, তোকানটিনস রাজ্যের আগিয়ানোপলিস শহরের সঙ্গে মারেনেও রাজ্যের ইসতেৃইতো শহরকে সংযোগকারী ৫৩৩ মিটার দীর্ঘ সেতুটির মাঝের স্প্যান ভেঙে পড়ে।
ফায়ার সার্ভিসের বরাত দিয়ে রয়টার্স জানায়, এ ঘটনায় একজন নিহত হয়েছেন ও অপর একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
ঘটনার সময় আগিয়ানোপলিস শহরের কাউন্সিলর ইলিয়াস জুনিয়র কর্তৃপক্ষের কাছে সেতুটির সমস্যা তুলে ধরতে একটি ভিডিও করছিলেন। তার অভিযোগ, সেতুটি ভারী ভারী ট্রাক বহন করার মতো অবস্থায় আর ছিল না। ভিডিওতে তিনি সেতুটির মাঝ বরাবর একটি ফাটল তুলে ধরছিলেন।
এ সময় তার সামনেই মাঝের স্প্যানটি ভেঙে পড়ে। সঙ্গে সঙ্গে তিনি দৌঁড়ে পেছনে চলে আসেন। তার করা ভিডিওটি রয়টার্স স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি। জুনিয়র এ ঘটনার বিষয়ে রয়টার্সের মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিভাবে সাড়া দেননি।
প্রাথমিক হিসাব অনুযায়ী, এ দুর্ঘটনায় তিনটি ট্রাক, একটি গাড়ি ও একটি মোটরসাইকেল নদীতে পড়ে যায়। এসব যানবাহনে অন্তত ১১ জন ছিলেন। নদীটির গভীরতা ৫০ মিটারেরও বেশি।