সালমান খানের জন্মদিনে আসছে বিশেষ চমক

বলিউড সুপারস্টার সালমান খানকে শেষ দেখা গিয়েছিল ‘টাইগার থ্রি’ সিনেমাতে। এর পর থেকেই তিনি বড় পর্দা থেকে কিছুটা দূরে রয়েছেন।

‘ভাইজান’ আগামী ২৭ ডিসেম্বর ৫৯ বছরে পা রাখতে চলেছেন। ভক্ত ও অনুরাগীরা তার জন্মদিনকে ঘিরে নানা প্রত্যাশায় দিন গুনছেন। তবে যে চমক তারা আশা করছিলেন, অর্থাৎ সালমানের আসন্ন সিনেমা সিকান্দার-এর টিজার, তা প্রকাশ পাচ্ছে না। তার বদলে জন্মদিনে প্রকাশ পাবে সিনেমাটির প্রথম লুক।

 

সিনেমার শুটিং শুরু হয়েছে হায়দ্রাবাদে এবং প্রথম শিডিউলের কাজ প্রায় শেষের পথে। ইতোমধ্যে শুটিং সেট থেকে সালমা্নের একাধিক ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এতে সালমানকে একদম ভিন্ন রূপে দেখা যাচ্ছে, যা ভক্তদের কৌতূহল আরও বাড়িয়ে তুলেছে। ছবির ক্লাইম্যাক্স অংশের শুটিং এখনো বাকি রয়েছে। নির্মাতারা ছবিটি বড় পরিসরে উপস্থাপন করতে কাজ করছেন।

সম্প্রতি ভারতের জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস- ১৮’ এর একটি পর্বে বরুণ ধাওয়ান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সেখানে সালমান খানের সঙ্গে এক মজার আলাপচারিতার মধ্যে দিয়ে এই ঘোষণা করা হয়। বরুণ জানান, সালমান খানের বহুল প্রতীক্ষিত ছবি সিকান্দার-এর প্রথম লুক তার জন্মদিনে প্রকাশিত হবে।

 

এই খবরে সালমান ভক্তদের মধ্যে আনন্দের ঝড় উঠেছে। সিনেমাটি পরিচালনা করেছেন এ আর মুরুগাদোস এবং এটি ঈদ ২০২৫-এ মুক্তি পাবে। ছবিতে সালমানের বিপরীতে থাকবেন জনপ্রিয় অভিনেত্রী রশমিকা মন্দান্না। তিনি ইতোমধ্যে দক্ষিণের পাশাপাশি বলিউডেও নিজের অভিনয় দক্ষতার ছাপ রেখেছেন। সালমান এবং রশমিকার এই নতুন জুটি দর্শকদের জন্য একটি ভিন্নধর্মী অভিজ্ঞতা নিয়ে আসবে বলে মনে করা হচ্ছে। এছাড়া বরুণ আরও জানান, সালমান খান অভিনীত আরেকটি ছবি ‘বেবি জন’ আগামী ২৫ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। সিনেমাটি পরিচালনা করবেন অ্যাটলি।

দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী কীর্তি সুরেশ এই সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক করতে চলেছেন। ‘কিক’ ও ‘মুঝসে শাদি কারোগি’-র মতো সফল প্রজেক্টের পর সাজিদ নাদিয়াদওয়ালা ও সালমান খানের নতুন প্রজেক্ট সিকান্দার ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রে রয়েছে। সালমানের ভক্তরা তার জন্মদিনে এই বিশেষ ঘোষণার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এছাড়াও সালমন খানকে আগামীতে কিক ২ ছবিতে দেখা যাবে। সাজিদ নাদিয়াওয়ালার এই সিনেমাতে তাকে আবার ডেভিল ওরফে দেবী লাল প্রসাদের চরিত্রে দেখা যাবে এবং সিনেমাটি আগামী বছর মুক্তি পাবে।