কলকাতায় আসছেন সালমান, নিরাপত্তা জোরদার

আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ০৭:০৪ পিএম

এবার কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করতে আসছেন বলিউড তারকা সালমান খান। এ তথ্য জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার এই ঘোষণার পর উৎসবের অতিথি তালিকা নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে।

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর এবারের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ঘিরে নানা আলোচনা চলছে। উৎসবের আয়োজন থেকে শুরু করে অতিথি তালিকায় কারা থাকছেন, তা নিয়ে কৌতূহল ছিল সিনেপ্রেমীদের মধ্যে। এরই মধ্যে সালমান খানের উপস্থিতির খবর সামনে এল।

গত ২৭ অক্টোবর চলচ্চিত্র উৎসব কমিটির মুখ্য উপদেষ্টা মিঠুন চক্রবর্তী জানিয়েছিলেন, উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন কঙ্গনা রানৌত, রজনীকান্ত, অনুপম খের, পরেশ রাওয়াল ও পরিচালক মধুর ভান্ডারকর। এ ছাড়া বলিউড থেকে অক্ষয় কুমার, সঞ্জয় দত্ত ও জনি লিভারের আসার খবরও সামনে এসেছিল। পরিচালক অনুরাগ বসুও অতিথি তালিকায় থাকতে পারেন বলে জানা গেছে।

উৎসব কমিটির চেয়ারম্যান প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আগেই জানিয়েছিলেন, বলিউডের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনের শিল্পীদেরও আমন্ত্রণ জানানোর পরিকল্পনা রয়েছে। উৎসবে এবার থাকছে ফিল্ম বাজারও। এর দায়িত্বে থাকছেন অভিনেতা জিৎ। তবে এখনো অতিথিদের পূর্ণাঙ্গ তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

সালমানের উপস্থিতি ঘিরে বাড়তি আগ্রহের কারণ তার নিরাপত্তা পরিস্থিতিও। বিষ্ণোই গ্যাংয়ের পক্ষ থেকে একাধিকবার প্রাণনাশের হুমকি পাওয়ার পর থেকে কঠোর নিরাপত্তার মধ্যে চলাফেরা করতে হচ্ছে অভিনেতাকে। বাড়ির নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি বাইরে যাতায়াতেও নেওয়া হচ্ছে বিশেষ সতর্কতা।

এর আগে ২০২৩ সালে ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানেও যোগ দিয়েছিলেন সালমান। তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে কলকাতায় এসেছিলেন তিনি। সেবার মঞ্চে নিজের কলকাতা সফরের অভিজ্ঞতা তুলে ধরে বাংলায় কথাও বলেছিলেন অভিনেতা।

এবারের উৎসবের ফোকাস কান্ট্রি আয়ারল্যান্ড। নতুন লোগোও প্রকাশ করা হয়েছে, যা তৈরি করেছেন পরিচালক সন্দীপ রায়। আগামী ১৬ ডিসেম্বর ভিক্টোরিয়া মেমোরিয়ালে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হবে উৎসব। চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত। উদ্বোধনী আয়োজনে রেড কার্পেটের ব্যবস্থাও থাকতে পারে।

সর্বশেষ সর্বাধিক পঠিত