তালিকভুক্ত শীর্ষ সন্ত্রাসী নুর আজিমের ছোটভাই ও হত্যা, দস্যুতাসহ ডজনখানেক মামলার পলাতক আসামি শাহারিয়ার ইসলাম রকিকে (৩২) গ্রেপ্তার করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ। রবিবার (২২ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে তাকে নগরীর টুটপাড়া মহিরবাড়ি খালপাড় এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রকি ৮/১ ওয়েস্ট সার্কুলার রোড় মহিরবাড়ি খালপাড় এলাকার মো. শাহাজাহান ওরফে শানু মোহরীর ছেলে।
খুলনা সদর থানার ওসি মো. মুনীর উল গিয়াস ও ডিউটি অফিসার এসআই শামীম কবীর জানান, রকি একজন শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে খুলনাসহ বিভিন্ন থানায় মামলা রয়েছে। তার মধ্যে হত্যা, হত্যাচেষ্টা, দস্যুতা ও মাদক মামলা অন্যতম। খুলনা থানার ৫টি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। সে শীর্ষ সন্ত্রাসী নুর আজিমের সব অস্ত্রের দেখাশোনা ও মাদক কারবার ও বিভিন্ন হত্যাকাণ্ডে অংশগ্রহণ করত।
তিনি বলেন, সম্প্রতি দক্ষিণ টুটপাড়া জনকল্যাণ স্কুলের পূর্ব পাশে ক্যালোরিন ফুড কর্নারের সামনে রনি সর্দার এবং দক্ষিণ টুটপাড়া তালতলা হাসপাতাল রোড বায়তুল মামুর মহল্লায় পলাশ হাওলাদার হত্যা মামলার অন্যতম আসামি রকি।