আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআর,বি) ডায়াগনস্টিক ল্যাবরেটরিজ রাজধানীতে আরেকটি নমুনা সংগ্রহ কেন্দ্র চালু করেছে। আজ সোমবার থেকে ইত্তেফাক মোড় সংলগ্ন লিলি পন্ড সেন্টারের (চতুর্থ তলায় স্থাপিত এই কেন্দ্রে বিভিন্ন রোগের পরীক্ষা-নিরীক্ষার জন্য নমুনা দিতে পারবেন রোগীরা। বছরের ৩৬৫ দিন সকাল সাড়ে ৭টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত নমুনা জমা দেওয়া যাবে।
আইসিডিডিআর,বি-র নির্বাহি পরিচালক ড. তাহমিদ আহমেদ নতুন কেন্দ্রের উদ্বোধন করেন। এ নিয়ে রাজধানীতে আইসিডিডিআর,বি ডায়াগনস্টিক ল্যাবরেটরিজের নয়টি নমুনা সংগ্রহ কেন্দ্র হলো। অন্য কেন্দ্রগুলোতে মহাখালী, ধানমন্ডি সাত মসজিদ রোড, উত্তরা, মিরপুর-১১, নিকেতন, বারিধারা ও গুলশানে অবস্থিত।
আইসিডিডিআর,বি থেকে জানানো হয়, আইসিডিডিআর,বি ডায়াগনস্টিক ল্যাবরেটরিজ দেশের প্রথম আন্তর্জাতিক মান সংস্থার (আইএসও) গুনমান ও সুরক্ষা স্বীকৃত। এখানে আন্তর্জাতিক মান পূরণ করে বিশ্বমানের ডায়াগনস্টিক পরিষেবা দেওয়া হয়।
প্রতিষ্ঠানটি আরও জানায়, আইসিডিডিআর,বি-র ডায়াগনস্টিক সেবা থেকে অর্জিত অর্থে প্রতি বছর আইসিডিডিআর,বি-র ঢাকা ও মতলব হাসপাতালে চিকিৎসা নিতে আসা আড়াই লাখের বেশি রোগীকে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়।