একেকজন ডিসি তিন শতাধিক কমিটির সভাপতি

জেলা পর্যায়ে প্রায় তিন শতাধিক কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন সরকারের মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তা ডিসি (জেলা প্রশাসক)। এতে বাস্তবিক অর্থে কোনও কাজ সঠিকভাবে করতে পারেন না তারা। তাই এই বিষয়ে সংস্কারের দাবি উঠেছে।

সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ডিসিদের সভাপতিত্বে গঠিত কমিটিগুলোর হালনাগাদ তথ্য পাঠানোর নির্দেশনার চিঠি থেকে এসব তথ্য জানা গেছে।

চিঠিতে জেলা প্রশাসকদের সভাপতিত্বে গঠিত কমিটিগুলোর তালিকা হালনাগাদে ৩০২ কমিটির সভাপতির দায়িত্ব পালন করা ছাড়াও আরও যেসব কমিটিতে জেলা প্রশাসকরা সভাপতি হিসেবে অন্তর্ভুক্ত রয়েছেন, তার হালনাগাদ তথ্য মাঠ প্রশাসন সংযোগ শাখায় পাঠানোর নির্দেশনা দেওয়া হয়।

প্রশাসন ক্যাডারের উপ-সচিব পদমর্যাদার কর্মকর্তাদের জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দেওয়া হয়। দেশের ৬৪ জেলায় মাঠ প্রশাসনে শীর্ষ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন ডিসি। জেলা পর্যায়ে তিনি কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিত্ব করেন।

ডিসি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করে থাকেন। তিনি জেলার সাধারণ প্রশাসনিক কার্যক্রম, জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে জেলার আইনশৃঙ্খলা রক্ষা এবং কালেক্টর হিসেবে ভূমি ব্যবস্থাপনার বিষয়গুলো দেখে থাকেন।

প্রশাসন ছাড়া অন্য ক্যাডারের কয়েকজন কর্মকর্তা নাম প্রকাশ না করে জানান, একজন কর্মকর্তা এতগুলো কমিটির সভাপতি হলে তিনি কোনোটাই ঠিক মতো করতে পারবেন না এবং বাস্তবে হচ্ছেও তাই। এমন অনেক কমিটি রয়েছে জেলায় যেগুলোর সংশ্লিষ্ট ক্যাডারের কর্মকর্তা রয়েছেন, সেই কমিটিগুলো তাদের নেতৃত্বে হতে পারে। এতে ডিসির অতিরিক্ত কাজের চাপ কমবে, ওই কমিটিও সঠিকভাবে কাজ করতে পারবে। ‌