ফেনী

নতুন কমিটি নিয়ে দ্বিধাবিভক্ত বিএনপি, পদবঞ্চিতদের বিক্ষোভ মিছিল

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৪, ০৮:৫১ পিএম

ফেনী জেলার সোনাগাজী এবং দাগনভূঞা উপজেলা ও পৌর বিএনপির চারটি ইউনিটের ঘোষিত আহ্বায়ক কমিটি নিয়ে দলের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। রোববার আহ্বায়ক কমিটি ঘোষণার পর কমিটি প্রকাশের কিছুক্ষণের মধ্যেই সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলালের একক স্বাক্ষরিত বিজ্ঞপ্তি এবং কমিটির বিরুদ্ধে জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারের পরস্পর বিরোধী বক্তব্য দীর্ঘ সময় পর ঘোষিত এসব কমিটি নিয়ে তৈরি হয়েছে ধূম্রজাল।

সোমবার বিকেলে তা প্রত্যাহারের দাবিতে দুই উপজেলায় বিক্ষোভ করেছে দলীয় নেতাকর্মীরা। নতুন কমিটিকে প্রত্যাখ্যান করে দুই উপজেলায় পদবঞ্চিতরা বিক্ষোভ মিছিল করেছেন। এ সময় তারা নতুন কমিটিকে ‘পকেট কমিটি’আখ্যায়িত করেন।

১৯ বছর পর সোনাগাজী উপজেলা ও পৌরসভা শাখা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণার পর দলের একটি অংশ এলাকায় মিষ্টি বিতরণ করেন। তবে আরেকটি অংশের নেতাকর্মীরা কমিটি প্রত্যাখ্যান করে বিক্ষোভ করেছেন।

দলীয় সূত্রে জানা গেছে, সোনাগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক করা হয়েছে জালাল উদ্দিনকে। এ ছাড়া জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হয়েছেন জামাল উদ্দিন, সদস্যসচিব করা হয়েছে সৈয়দ আলম ভূঁইয়াকে। সোনাগাজী পৌরসভা বিএনপির আহ্বায়ক করা হয়েছে মনজুর হোসেনকে। মোহাম্মদ এয়াছিনকে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও নিজাম উদ্দিনকে সদস্য সচিব করা হয়। দাগনভূঞা উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হয়েছেন মাহমুদুল হক ও সদস্য সচিব হয়েছেন কামরুল উদ্দিনকে করা হয়েছে। দাগনভূঞা পৌরসভার বিএনপির আহ্বায়ক হয়েছেন শফিকুর রহমান। জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হয়েছেন কাজী সাইফুল ইসলাম ও সদস্যসচিব হয়েছেন হুমায়ুন কবির। 

কমিটি গঠনের বিষয়টি ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন নিশ্চিত করেছেন। তিনি বলেন, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক বিভাগীয় টিম প্রধান অ্যাডভোকেট আহমেদ আযম খানের নির্দেশনায় এসব কমিটি গঠন করা হয়েছে।

রবিবার রাতে কমিটি গঠনের বিষয়ে ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ এক ভিডিও বার্তায় বলেন, দুই উপজেলার যে চারটি কমিটি দেওয়া হয়েছে, তা ভুয়া ও অগঠনতান্ত্রিক। আমি দলের প্রধান, আমি জানি না কমিটি হয়েছে। আমার কোনো স্বাক্ষরও নেই। কে বা কারা একটি মেসেজ দিয়ে সদস্যসচিবকে বলেছেন কমিটি দিতে। সদস্যসচিব আমাকে বলেছেন স্বাক্ষর করতে, আমি স্বাক্ষর করব না বলেছি।’

সোনাগাজীতে কমিটি ঘোষণার পর সদ্য সাবেক সাধারণ সম্পাদক ও ঘোষিত উপজেলা কমিটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিনের অনুসারী তিন শতাধিক নেতা-কর্মী পৌর শহরের জিরো পয়েন্টে বিক্ষোভ মিছিল করেন। পরে এক সংবাদ সম্মেলনে তারা উপজেলার দুটি ইউনিটের কমিটি ঘোষণাকে অবৈধ দাবি করে তা প্রত্যাহার করার দাবি জানান। অন্যথায় কঠোর কর্মসূচির ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন সদ্য সাবেক উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আমিন উদ্দিন, পৌর বিএনপির সদ্য সাবেক সভাপতি আবুল মোবারক, উপজেলা যুবদলের সাবেক সভাপতি জসিম উদ্দিন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি কামরুল ইসলাম, যুবদল নেতা রহমত উল্যাহ, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোল্লা মাসুদ প্রমুখ।

সোনাগাজী উপজেলা শাখার নতুন কমিটির আহ্বায়ক জয়নাল আবেদীন বলেন, সবাইকে তো আর পদ দেওয়া যায় না। আমি সবাইকে সঙ্গে নিয়ে রাজনীতি করব। পদ না পেয়ে কারও মান-অভিমান থাকতে পারে। জাতীয়তাবাদী শক্তি ঐক্যবদ্ধ আছে এবং থাকবে।

দাগনভূঞা উপজেলায় নতুন কমিটি ঘোষণার পর আহ্বায়ক পদ পাওয়া আকবর হোসেনের অনুসারীরা বাজারে আনন্দ মিছিল করেছেন। অপর দিকে কাঙ্ক্ষিত পদ না পেয়ে পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী সাইফুল ইসলামের অনুসারীরা বসুরহাট সড়কে বিক্ষোভ মিছিল করেন। এ সময় কিছু ককটেল, পটকাও ফাটানো হয়।

ঘোষিত কমিটি প্রত্যাখ্যান করে বিকেলে বিক্ষোভ মিছিল করে বিএনপি ও এর সহযোগী সংগঠনের একাংশ। মিছিলটি দাগনভূঞা উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে দাগনভূঞা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কবীর আহমদসহ ছাত্রদল, যুবদলের একাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাংগঠনিক বিভাগীয় টিম প্রধান অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেন, তিনদিনের মধ্যে পুরো আহ্বায়ক কমিটি নিয়ে আসার জন্য এ সংক্ষিপ্ত কমিটি দেওয়া হয়েছে। পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির তালিকায় আহ্বায়ক, সদস্য সচিব দুজনই স্বাক্ষর করবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত