আল্লু অর্জুনকে তলব করল হায়দরাবাদ পুলিশ

সমস্যা যেন পিছু ছাড়ছে না তেলেগু সুপারস্টার আল্লু অর্জুনের। সিনেমা হলে পদপিষ্ট হয়ে নারীর মৃত্যুর ঘটনায় এবার ‘পুষ্পা’ খ্যাত অভিনেতা আল্লু অর্জুনকে তলব করল হায়দরাবাদ পুলিশ। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) জিজ্ঞাসাবাদের জন্য হাজির হতে বলা হয়েছে অভিনেতাকে।

এর আগে গত ৪ ডিসেম্বর হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে ‘পুষ্পা ২’ সিনেমাটির প্রদর্শনী চলাকালে পদপিষ্ট হয়ে এক নারীর মৃত্যু হয়। এসময় তার ছেলে গুরুতর আহত হন।

এ ঘটনায় সিনেমাহল কর্তৃপক্ষ, আল্লু অর্জুন ও তার দলের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের অভিযোগ আনা হয়। ১৩ ডিসেম্বর তাকে গ্রেপ্তার করা হয় আদালত তাকে ১৪ দিনের হেফাজতে পাঠায়। ওই দিনই তেলেঙ্গানা হাইকোর্ট আল্লুকে চার সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন দেয়।

যদিও নিহতের পরিবার একাধিকবার জানিয়েছেন, অভিনেতার বিরুদ্ধে যাবতীয় অভিযোগ তারা তুলে নেবেন। কিন্তু তার পরও সমস্যা আষ্টেপৃষ্টে ধরেছে সুপারস্টারকে।

পুলিশ জানিয়েছে, আল্লু অর্জুনকে আগামীকাল সকাল ১১টায় চিক্কাদপল্লি থানায় যেতে হবে। অভিনেতার আইনজীবীরা সোমবার সন্ধ্যায় তার বাড়িতে গিয়েছিল আলোচনা করতে।

পুলিশ তার অন্তর্বর্তীকালীন জামিন বাতিলের জন্য উচ্চ আদালতে যাওয়ার পরিকল্পনা করছে এমন খবরের মধ্যে আল্লু অর্জুনকে নতুন নোটিশ দেওয়া হয়েছে।

হায়দরাবাদের পুলিশ কমিশনার সিভি আনন্দ জানিয়েছেন, আইনি মতামত নেওয়ার পর পুলিশ এই মামলার পরবর্তী পদক্ষেপ নেবে। আল্লু অর্জুনের দাবির বিরোধিতা করতে সন্ধ্যা থিয়েটারের ঘটনার সিসিটিভি ফুটেজও প্রকাশ করেছেন পুলিশ প্রধান।