বড়দিন উপলক্ষে আগামী ২৫ ডিসেম্বর বহুল প্রতীক্ষিত সিনেমা ‘বেবি জন’ মুক্তির অপেক্ষায় আছে। ছবির অগ্রিম বুকিং শুরু হয়েছে রবিবার, মুক্তির তিন দিন আগে।
অ্যাকশন-ড্রামা ঘরানার এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন বরুণ ধাওয়ান, কীর্তি সুরেশ, ওয়ামিকা গাব্বি এবং জ্যাকি শ্রফ। বিশেষ আকর্ষণ হিসেবে সালমান খান রয়েছেন একটি গুরুত্বপূর্ণ ক্যামিও চরিত্রে। ছবিটি প্রযোজনা করেছেন মুরাদ খেতানি, প্রিয়া এটলি এবং জ্যোতি দেশপাণ্ডে। ছবিটি জিও স্টুডিওস, এ ফর অ্যাপল স্টুডিওস এবং সিনে ১ স্টুডিওসের ব্যানারে তৈরি। পরিচালকের দায়িত্বে আছেন কালীস এবং প্রযোজনায় রয়েছেন এটলি।
'বেবি জন’ সম্পর্কে গুঞ্জন ছিল এটি থালাপথি বিজয়ের ২০১৬ সালের তামিল ব্লকবাস্টার ‘থেরি’ -এর রিমেক। তবে বরুণ ধাওয়ান এক সাম্প্রতিক প্রেস কনফারেন্সে বিষয়টি পরিষ্কার করে জানিয়েছেন, ‘এটলি এই গল্পের ভৌগোলিক অবস্থান এবং উপস্থাপনায় উল্লেখযোগ্য পরিবর্তন এনেছেন। সুতরাং এটি কোন রিমেক নয় বরং একটি অ্যাডাপ্টেশন।‘ ছবিতে বরুণ ধাওয়ান দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন – সত্য বর্মা, একজন পুলিশ অফিসার এবং জন, তার আরেক সত্তা।
ছবির গল্পে থাকবে উত্তেজনাপূর্ণ অ্যাকশন, আবেগঘন মুহূর্ত, এবং মনোমুগ্ধকর সিনেমাটিক অভিজ্ঞতা। ‘বেবি জন’ বর্তমানে এক কঠিন প্রতিযোগিতার মুখোমুখি রয়েছে, কারণ ‘পুষ্পা ২: দ্য রুল’ এখনো হিন্দি বক্স অফিসে রাজত্ব করছে।
আল্লু অর্জুন অভিনীত এই প্যান-ইন্ডিয়া ব্লকবাস্টার ইতোমধ্যেই ৬৬৫ কোটি রুপি আয় করেছে শুধুমাত্র হিন্দি ভাষায় ৭০০ কোটির দোরগোড়ায় রয়েছে। ৫ ডিসেম্বর মুক্তি পাওয়া এই সিনেমাটি ‘বেবি জন’ -এর প্রথম সপ্তাহের আয়কে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করতে পারে। বক্স অফিসে ‘পুষ্পা ২’ -এর অভূতপূর্ব সাফল্য এক নতুন মানদণ্ড স্থাপন করেছে। যদিও ‘বেবি জন’ এর অগ্রিম বুকিং ইতিবাচক ইঙ্গিত দিচ্ছে, তবুও এই সিনেমাটি ‘পুষ্পা ২’ এর বিশাল রেকর্ড ভাঙতে পারবে কিনা, তা বড়দিনের পরে বোঝা যাবে। বড়দিনে মুক্তি পেতে চলা এই সিনেমার সঙ্গে আল্লু অর্জুনের‘পুষ্পা ২’র বক্স অফিস লড়াই ভক্ত ও অনুরাগীদের উত্তেজনার শীর্ষে রয়েছে।
সালমান খানের জন্মদিনে আসছে বিশেষ চমক