লা লিগায় শনিবার আতলেতিকো মাদ্রিদের কাছে হেরে লা লিগায় দুইয়ে নেমে গিয়েছিল বার্সেলোনা। রবিবার রাতে রিয়াল মাদ্রিদ ৪-২ গোলে হারিয়েছে সেভিয়াকে। দুর্দান্ত এক গোল করা কিলিয়ান এমবাপ্পে, ব্রাহিম দিয়াজকে দিয়ে করিয়েছেন আরেকটি। রিয়ালের অন্য দুটি গোল ফেদেরিকো ভালভের্দে ও রদ্রিগোর। এই জয়ে রিয়াল বার্সাকে টপকে দুইয়ে উঠে এসেছে।
ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ১০ মিনিটেই রিয়ালকে এগিয়ে নেন এমবাপ্পে। রদ্রিগোর পাস বক্সের মাথায় পেয়ে যান এমবাপ্পে। বলের নিয়ন্ত্রণ নিয়ে জোরালো শটে গোল করেন ফরাসি এই ফরোয়ার্ড। চলতি মৌসুমে লিগে এটি এমবাপ্পের দশম গোল। ২০ মিনিটে ৩০ গজ দূর থেকে গোল করে ব্যবধান বাড়ান ভালভার্দে। ৩৪ মিনিটে তৃতীয় গোল পেয়ে যায় রিয়াল। এবার ভাসকেজের ক্রসে গোল করেন রদ্রিগো। এক মিনিট পর এক গোল শোধ দেন সেভিয়ার ইসাক রোমেরো। ৫৩ মিনিটে এমবাপ্পের পাশ থেকে রিয়ালকে চতুর্থ গোলটি করেন ব্রাহিম দিয়াজ। ৮৫ মিনিটে দোদি লুবেবাকলো গোল করলে স্কোর ৪-২ হয়। ২০২৪ সালে মোট পাঁচটি শিরোপা জিতেছে রিয়াল। আনচেলত্তি বলেন, ‘২০২৪ সালে আমি দলকে এ প্লাস দেব। গত মৌসুমে দুর্দান্ত ছিল। আমরা (এই মৌসুম) আরও কঠিন অবস্থায় শুরু করি, কিন্তু আমরা সময়মতো পরিস্থিতি ঠিক করতে সক্ষম হয়েছি এবং ২০২৫ এর জন্য আশা আছে, তবে এটির (এই বছরের সাফল্যের) পুনরাবৃত্তি করা কঠিন। আমরা চেষ্টা করব।’