চোট পিছুই ছাড়ছে না শামির, যাওয়া হচ্ছে না অস্ট্রেলিয়া

বোর্ডার-গাভাস্কার ট্রফির শেষ দুই টেস্টেও খেলা হচ্ছে না ভারতীয় তারকা পেসার মোহাম্মদ শামির।  বাঁ হাঁটুতে ফোলা থাকায় সিরিজের চতুর্থ ও পঞ্চম টেস্টের জন্য বিবেচনা করা হবে না শামিকে।

ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সোমবার এক বিবৃতিতে জানিয়েছে, পুরোপুরি ফিট নন শামি। গোড়ালির সমস্যা পুরোপুরি কাটিয়ে উঠলেও বোলিংয়ের চাপের কারণে বাঁ হাঁটু ফুলে গেছে ৩৪ বছর বয়সী ক্রিকেটারের।

রোহিত শর্মার দাবির প্রেক্ষিতে বিসিসিআইয়ের বিবৃতিতে জানানো হয়, ‘রঞ্জি ট্রফির ম্যাচে মধ্য প্রদেশের বিপক্ষে বাংলার হয়ে শামি ৪৩ ওভার বোলিং করেছেন। তারপর সৈয়দ মুশতাক আলি ট্রফিতে (টি-টোয়েন্টি টুর্নামেন্ট) বাংলার ৯ ম্যাচের সবকটিতে সে খেলেছে, সেখানে টেস্ট ম্যাচের জন্য প্রস্তুত হতে বাড়তি বোলিং সেশনও করেছে। বোলিংয়ের চাপের কারণেই তার বাঁ হাঁটু হালকা ফুলে গেছে। দীর্ঘ দিন পর এত সময় ধরে বোলিং করার কারণে এই ফোলা স্বাভাবিক।’

আরও বলা হয়, ‘পর্যবেক্ষণ করার পর বিসিসিআইয়ের চিকিৎসক দলের মনে হয়েছে, তার সেরে উঠতে আরও সময় লাগবে। তাই বোর্ডার-গাভাস্কার ট্রফির বাকি দুটি টেস্টে তাকে বিবেচনা করার জন্য উপযুক্ত বলে মনে করা হয়নি।’

গত বছরের নভেম্বরে ওয়ানডে বিশ্বকাপের ফাইনালের পর থেকে আর ভারতের হয়ে খেলেননি শামি। ওই টুর্নামেন্টে তাকে খেলতে হয় বিশেষ ইনজেকশন নিয়ে। ফেব্রুয়ারিতে ডান গোড়ালিতে অস্ত্রোপচার করাতে হয় তার। বিজয় হাজারে ট্রফিতে বাংলার স্কোয়াডে থাকলেও প্রথম ম্যাচের দলে রাখা হয়নি তাকে।