রাজবাড়ীর গোয়ালন্দে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৩ ডিসেম্বর) রাতে গোয়ালন্দ ঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার ঘোষ বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত ৮টার দিকে দৌলতদিয়া এলাকায় অভিযান চালিয়ে চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডলকে গ্রেপ্তার করা হয়।
গত ১০ ডিসেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. শরিফুল ইসলাম বাদী হয়ে গোয়ালন্দ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তফা মুন্সি, পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি মো. নজরুল ইসলাম মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্রী বিপ্লবসহ ৫৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৩০০-৪০০ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
মামলার অভিযোগে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গোয়ালন্দে আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট দুপুরে আন্দোলনকারীদের ওপর পরিকল্পিত হামলা চালানো হয়। আসামিরা বেআইনি অস্ত্রসহ আন্দোলনকারীদের ঘিরে ফেলে। তাদের ওপর বোমা, আগ্নেয়াস্ত্র, রামদা, লাঠি ও অন্যান্য মারাত্মক অস্ত্র নিয়ে হামলা চালায়। আব্দুর রহমান মন্ডল ওই মামলার ২৬ নম্বর আসামি।
পুলিশ জানিয়েছে, এই মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।