ভারতের সাবেক ক্রিকেটার বিনোদ কাম্বলি হাসপাতালে ভর্তি। বর্ষীয়ান এই ক্রিকেটারের শরীরে বাসা বেঁধেছে নানান রোগ। শচীন টেন্ডুলকারের বন্ধু, সাবেক সতীর্থ কাম্বলি তার ক্যারিয়ার ধ্বংস করেছেন বেপরোয়া জীবনযাপন করে। অনেকে তাকে শচীনের চেয়েও প্রতিভাবান বলে ঘোষণা করেছিলেন। সেই কাম্বলির সুস্থতার জন্য এবার পাকিস্তান থেকেও প্রার্থনা এলো।
কিছুদিন আগে মুত্রনালির সংক্রমণের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়েছিলেন কাম্বলি। এবার সেই সমস্যার সঙ্গে যুক্ত হয়েছে পটাশিয়ামের ঘাটতি, মস্তিষ্ক এবং হৃদ্রোগজনিত কিছু সমস্যা। তাকে বিনা পয়সায় চিকিৎসা করছে একটি হাসপাতাল। সম্প্রতি এক সাক্ষাৎকারে কাম্বলি বলেছিলেন, ক্রিকেটজীবনে আটবার কামব্যাক করেছেন। তাই তিনি জানেন, কীভাবে ফিরে আসতে হয়।
হাসপাতালের বিছানায় শুয়ে বন্ধু, ভক্তদেরও ফিরে আসার আশ্বাস দিচ্ছেন ভারতীয় দলের সাবেক ক্রিকেটার। ভিডিও কলে পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলির সঙ্গে কথা বলেছেন। উদ্বিগ্ন বন্ধু সীমান্তের ওপার থেকেই কাম্বলির জন্য প্রার্থনা করছেন। বাসিত বলেছেন, ‘ভিডিও কলে কাম্বলির সঙ্গে কথা বলেছি। কিছুটা ভালো আছে। সে সুস্থ হয়ে বাড়ি ফেরার বিষয়ে আত্মবিশ্বাসী। একটাই অনুরোধ করব, সবাই কাম্বলির জন্য প্রার্থনা করুন।’
৫২ বছর বয়সী কাম্বলি ভারতের হয়ে তিন বছরও টেস্ট ক্রিকেট খেলেননি। তবে ওয়ানডে খেলেছেন ১০ বছর। বারবার দল থেকে বাদ পড়েছেন। আবার ফিরেও এসেছেন। একটা সময় নিজের দোষেই তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে হারিয়ে যান। উচ্ছৃঙ্খল জীবনযাপনের কারণেই দল থেকে বাদ পড়তে হয়েছিল এবং একপর্যায়ে ক্যারিয়ার শেষ হয়ে যায়। এরপরও মদ্যপান ছাড়েননি কাম্বলি। এবার কি ছাড়বেন?