বিপিএল চ্যাম্পিয়ন পায় ২ কোটি, রাহাত ফতেহ আলী নিলেন ৩.৪০ কোটি

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৪, ০৪:৩৭ পিএম

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসরের উদ্বোধন হয়ে গেল গতকাল সোমবার। মিরপুর শেরে বাংলায় জমকালো আয়োজনে গেয়েছেন কিংবদন্তি গজল শিল্পী রাহাত ফতেহ আলী খান। অনুষ্ঠানের সাউন্ড সিস্টেম নিয়ে দর্শকদের অভিযোগ ছিল। তার চেয়েও বড় অভিযোগ রাহাত ফতেহ আলী খানের পারিশ্রমিক আর বিপিএল চ্যাম্পিয়নের প্রাইজমানি নিয়ে।

পাকিস্তানের গায়ক রাহাত ফতেহ আলী খান বাংলাদেশে এসে বলিউডের গান গেয়েছেন। বিশ্বের অন্যতম ধনী ক্রিকেট বোর্ড বিসিবির হাজার কোটির ওপর ডিপোজিট আছে বলে শোনা যায়। সেখান থেকে তারা রাহাত ফতেহ আলী খানকে ৩ কোটি ৪০ লাখ টাকা পারিশ্রমিক দিতেই পারে। কিন্তু এতে দেশের ক্রিকেটের আদৌ কোনো উপকার হবে কিনা- সে বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন তুলেছেন ক্রিকেটপ্রেমী থেকে শুরু করে বিশ্লেষকেরা।

গত বিপিএলের মোট প্রাইজমানি ছিল ৩ কোটি ২৮ লাখ টাকা। যার মধ্যে চ্যাম্পিয়ন দল ২ কোটি,  রানার-আপ ১ কোটি, প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট ১০ লাখ, সর্বোচ্চ উইকেট সংগ্রাহক ৫ লাখ, সর্বোচ্চ রান সংগ্রাহক ৫ লাখ, ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড় ৫ লাখ এবং  টুর্নামেন্টের সেরা ফিল্ডার  ৩ লাখ টাকা পাবেন। যেখানে আইপিএলের মোট প্রাইজমানি প্রায় ৬১ কোটি টাকা! প্রাইজমানির হিসেবে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর মধ্যে সেরা পাঁচেও নেই বিপিএল।

শুধু তাই নয়, অংশগ্রহণকারী ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে বিপিএলের রেভিনিউ শেয়ার করে না বিসিবি। এ নিয়ে গত আসরের মাঝেই বেশ কয়েকটি দলের মালিক মুখ খুলেছিলেন। এক্ষেত্রে বিসিবির বক্তব্য ছিল, তাদের লভ্যাংশ নাকি নামেমাত্র থাকে। যে কারণে রেভিনিউ শেয়ারিং হয় না। আর বিপিএলের মানের কথা নতুন করে বলার কিছু নেই। বিশ্ব তারকারও এই আসরে খেলতে আসেন না। ক্রিকেট বিশ্লেষকেরা তাই বলছেন, পাকিস্তানি শিল্পী এনে লোক দেখানো আয়োজনের চেয়ে বিসিবির উচিত ছিল এসব বিষয়ে নজর দেওয়া।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত