দেশের মানুষ ভারতকে একবিন্দু ছাড় দিতে প্রস্তুত নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব মো. আখতার হোসেন। তিনি বলেন, ভারতের সাধারণ জনগণের সঙ্গে বাংলাদেশের ছাত্র-জনতার আত্মার সম্পর্ক। ফ্যাসিস্ট আওয়ামী সরকার ভারতের সঙ্গে বন্ধুত্ব স্বামী-স্ত্রীর সম্পর্কে পরিণত করেছিল। কিন্তু বাংলাদেশের স্বার্থের প্রশ্নে এ দেশের মানুষ ভারতকে একবিন্দু ছাড় দিতে প্রস্তুত নয়।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে রংপুরের কাউনিয়া উপজেলা জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে উপজেলা অডিটোরিয়াম হল রুমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য এসব কথা বলেন।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পতনের পর দেশে আওয়ামী লীগ দাঙ্গা লাগাতে অপচেষ্টা চালাচ্ছে উল্লেখ করে আখতার হোসেন বলেন, গণতন্ত্রের নামে বিগত ১৬ বছর আওয়ামী সরকার হত্যা গুমে লিপ্ত ছিল। উন্নয়নের নামে তারা কোটি কোটি টাকা লুটপাট ও পাচার করেছে।
নাগরিক কমিটির সদস্য সচিব অভিযোগ করেন, খুনি হাসিনা সরকার ও তার দোসররা দলীয় সরকারের অধীনে নির্বাচনের নামে বাংলাদেশের মানুষের সঙ্গে তামাশা করেছে, বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম করেছে।
তিনি আরও বলেন, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে অভ্যুত্থানের শক্তি নাগরিক, আহত ও শহিদ পরিবারের সঙ্গে তরুণ নাগরিকদের সমন্বয়ে গঠিত জাতীয় নাগরিক কমিটি একটি রাজনৈতিক ভারসাম্য নির্মাণে কাজ করছে।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রংপুর জেলা জাতীয় নাগরিক কমিটির সমন্বয়ক এম আই সুমন, আরিফুল ইসলাম, জাতীয় নাগরিক কমিটির কাউনিয়া উপজেলা শাখার সংগঠক রমজান আলী, শামীম হোসেন, রফিকুল ইসলাম কনকসহ প্রমুখ।