অন্তর্বর্তী সরকার দীর্ঘসময় ক্ষমতায় থাকলে বিশৃঙ্খলা দেখা দিতে পারে: ডা. জাহিদ

কোনো অবস্থাতেই জনগণের আস্থা ব্যাতিরেখে অন্তর্বর্তীকালীন সরকার দীর্ঘসময় ক্ষমতায় থাকার চেষ্টা করলে সেটি বিশৃঙ্খলার জন্ম দিতে পারে। কাজেই দ্রুততম সময়ে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা পাওয়াটাই এই মুহূর্তের সবচেয়ে বড় চাওয়া বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন। 

খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড় দিন উপলক্ষ্যে হাকিমপুর উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেল ৫টায় উপজেলা পরিষদের হলরুমে তাদের সাথে শুভেচ্ছা মতবিনিময় ও আর্থিক সহায়তা প্রদান কালে তিনি এই মন্তব্য করেন। উপজেলার ১৬টি গীর্জার নেতৃবৃন্দের আর্থিক সহায়তা তুলে দেন তিনি।

তিনি বলেন, স্বৈরাচারের রেখে যাওয়া কিছু আবর্জনা দ্রুততম সময়ে সড়িয়ে ফেলে একটি সুশৃঙ্খল সুন্দর গ্রহণযোগ্য ও অংশগ্রহণমুলক নির্বাচনের ব্যবস্থা করা সবচেয়ে বড় কাজ। কবে নাগাদ নির্বাচন হতে পারে এটি দেশবাসী জানতে চায় । দেশের ক্রিয়াশীল সকল রাজনৈতিক দল জানতে চায়। সর্বপরি দেশের মালিক যে জনগণ তারাও সেটি জানতে চায়। সেই সাথে জনগণই নির্ধারণ করবে তার প্রতিনিধি হয়ে আগামী দিনে কে দেশ পরিচালনার দায়িত্ব পাবে। কাজেই যতদ্রুততার সাথে নির্বাচনী রোডম্যাপটি স্পষ্টভাবে জাতির সামনে অন্তর্বর্তীকালীন সরকার উপস্থাপন করবে, আমার মনে হয় দেশে তত দ্রুততম সময়ে দেশের সকল কিছু স্বাভাবিক হয়ে আসবে।

তিনি আরো বলেন, যে কারণে আবু সাঈদ-মুগ্ধদের আত্মত্যাগ এবং সাড়ে ১৫ বছরের স্বৈরাচারের দুশাসনের বিরুদ্ধে রাজনৈতিক লড়াই তার থেকে পরিত্রাণ ও আগামী দিনের বাংলাদেশ গড়ার যে স্বপ্ন সেটি বাস্তবায়নের জন্য প্রয়োজন সুনির্দ্দিষ্ট রুপরেখা এবং সেখানে রুপরেখার আলোকেই জনগণের ক্ষমতায়নের মাধ্যমেই আগামী দিনে নির্ধারিত হবে কারা দেশ পরিচালনার দায়িত্ব পাবে এবং জনগণ কাদের ওপর আস্থা রাখবে। 

তারেক রহমানের দেশে ফেরা নিয়ে তিনি বলেন,যখনি উনার আসার সময় সুযোগ হবে আপনারা জানতে পারবেন। বিগত পতিত স্বৈরাচারের সময়ে যেভাবে উনাকে দেশে আসা থেকে বিরত রাখতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে রাখা হয়েছিল। সেসব প্রতিবন্ধকতা আস্তে আস্তে দূর হচ্ছে ইনশাআল্লাহ উনার দেশে ফেরার সময় তত ঘনিয়ে আসছে।

হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা আকরাম হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ খান, সাধারণ সম্পাদক নাজমুল হকসহ অনেকে।