ক্লাইমেট টেকের ভবিষ্যৎ অভিযাত্রা

জলবায়ু পরিবর্তন এখন আর কোনো ভবিষ্যতের শঙ্কা নয়; এটি আজকের বাস্তবতা। বৈশ্বিক উষ্ণায়নের কারণে হিমবাহ গলছে, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে আর চরম আবহাওয়ার ঘটনা এখন নিয়মিত। এই সংকট মোকাবিলায় প্রযুক্তিগত উদ্ভাবন এবং গবেষণা বিশ্বব্যাপী নতুন গুরুত্ব পেয়েছে। এর মধ্যেই ক্লাইমেট টেক বা জলবায়ু প্রযুক্তি হয়ে উঠেছে এক গুরুত্বপূর্ণ হাতিয়ার, যা পরিবেশ রক্ষার নতুন পথ উন্মোচন করছে। নবায়নযোগ্য জ্বালানি, কার্বন নিঃসরণ হ্রাস প্রযুক্তি এবং টেকসই কৃষি এই তিনটি স্তম্ভের ওপর দাঁড়িয়ে শুরু হয়েছিল ক্লাইমেট টেকের পথচলা। তবে সময়ের সঙ্গে এটি বদলে গেছে। প্রতিরোধের মডেল থেকে এটি রূপ নিচ্ছে অভিযোজনের মডেলে, যেখানে অভিযোজন ক্ষমতা বৃদ্ধির ওপর সমান গুরুত্ব দেওয়া হচ্ছে।

ক্লাইমেট টেকের যাত্রা শুরু হয় নবায়নযোগ্য শক্তির প্রসার দিয়ে। সৌরশক্তি, বায়ুশক্তি এবং বৈদ্যুতিক যানবাহনের উত্থান তারই ফলাফল। ২০২১ সালে নবায়নযোগ্য শক্তির ব্যবহার বিশ্বব্যাপী ৭ শতাংশ বেড়েছে এবং ওই বছর ৬.৬ মিলিয়ন বৈদ্যুতিক গাড়ি বিক্রি হয়েছে। বৈশ্বিক বিদ্যুৎ উৎপাদনের ২৯ শতাংশ এখন নবায়নযোগ্য উৎস থেকে আসছে। এই অর্জন নিঃসন্দেহে উল্লেখযোগ্য। কিন্তু শুধু কার্বন নিঃসরণ হ্রাস যথেষ্ট নয়। প্রাকৃতিক দুর্যোগের কারণে যে ক্ষয়ক্ষতি হচ্ছে, তা সামাল দিতে প্রয়োজন অভিযোজন প্রযুক্তির। তাপ সহনশীল ফসল, স্মার্ট সেচ ব্যবস্থা এবং টেকসই অবকাঠামো এখন অপরিহার্য হয়ে উঠেছে।

পৃথিবীর বিভিন্ন প্রান্তে ক্লাইমেট টেকের সফলতার গল্প শোনা গেলেও এর সীমাবদ্ধতাও রয়েছে। এর অন্যতম বড় সীমাবদ্ধতা হলো প্রযুক্তির অপ্রতুলতা এবং বৈশ্বিক অসমতা। উন্নয়নশীল দেশগুলো, যেমন বাংলাদেশ বা আফ্রিকার দেশগুলো, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবের সম্মুখীন হলেও সেসব দেশগুলোতে অভিযোজন প্রযুক্তির পর্যাপ্ত ব্যবহার এখনো দেখা যায় না। উদাহরণস্বরূপ, স্মার্ট সেচ ব্যবস্থা বা বন্যা প্রতিরোধী অবকাঠামো উন্নয়নশীল দেশগুলোতে তেমন বিস্তার লাভ করেনি। অন্যদিকে, অনেক প্রতিষ্ঠান গ্রিনওয়াশিংয়ের মাধ্যমে কেবল পরিবেশবান্ধব উদ্যোগের ভান করে, প্রকৃত সমস্যার সমাধানে কিছু করে না।

এই সীমাবদ্ধতাগুলো কাটিয়ে উঠতে এসেছে রেজিলিয়েন্স টেক। এটি জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় শুধু প্রতিরোধ নয়, অভিযোজন ও সহনশীলতার ওপর গুরুত্ব দেয়। উদাহরণস্বরূপ, বাংলাদেশের তাপ সহনশীল ধানের জাত উদ্ভাবন কৃষিক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন এনেছে। নেদারল্যান্ডসের ডেল্টা ওয়ার্কস প্রকল্প বন্যা প্রতিরোধে বিশ্ব জুড়ে মডেল হয়ে উঠেছে। ভারতের দিল্লির স্মগ টাওয়ার প্রতি ঘণ্টায় ১০০০ কিউবিক মিটার দূষিত বায়ু বিশুদ্ধ করতে সক্ষম, যা বায়ুদূষণের বিরুদ্ধে লড়াইয়ে এক অনন্য উদাহরণ।

রেজিলিয়েন্স টেকের অন্যতম প্রধান সুবিধা হলো এটি পরিবেশের ক্ষতি কমানোর পাশাপাশি নতুন অর্থনৈতিক সুযোগও তৈরি করে। স্মার্ট গ্রিড যেমন বিদ্যুৎ ব্যবস্থার অপচয় কমায়, তেমনি শক্তি খরচও সাশ্রয় করে। গ্রিন বিল্ডিংয়ের ধারণা যেমন ভবিষ্যতের জন্য টেকসই আবাসনের নতুন মডেল তৈরি করেছে। তবে রেজিলিয়েন্স টেকের সাফল্য নির্ভর করছে বহুমুখী প্রচেষ্টার ওপর। প্রযুক্তি একা সমস্যার সম্পূর্ণ সমাধান দিতে পারে না। এ জন্য প্রয়োজন বৈজ্ঞানিক উদ্ভাবন, সামাজিক সচেতনতা এবং রাজনৈতিক সদিচ্ছার সমন্বয়। এর মধ্যে প্যারিস জলবায়ু চুক্তি জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে বৈশ্বিক উদ্যোগের একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত। তবে এ ধরনের উদ্যোগগুলোকে বাস্তবে কার্যকর করতে প্রয়োজন আরও দীর্ঘমেয়াদি পরিকল্পনা এবং শক্তিশালী বাস্তবায়ন কাঠামো।