বড়দিনে আতশবাজি ফানুস ওড়ানো নিষিদ্ধ

খ্রিস্টান ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব ‘বড়দিন’ উদযাপিত হবে আজ। দিনটি উদযাপনের অনুষঙ্গ হিসেবে রাজধানীতে ওড়ানো যাবে না ফানুস, ফোটানো যাবে না পটকা আতশবাজি। গতকাল মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বড়দিনের অনুষ্ঠান ভাবগম্ভীর ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে মঙ্গলবার রাত ১২টা থেকে বুধবার রাত ১২টা পর্যন্ত ঢাকা মহানগর এলাকায় সব ধরনের আতশবাজি, পটকা ফোটানো এবং ফানুস ওড়ানো নিষিদ্ধ করা হলো।

এতে আরও বলা হয়, বড়দিন অনুষ্ঠান সুষ্ঠু ও নিরাপদে অনুষ্ঠানের লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ নগরবাসীর সার্বিক সহযোগিতা কামনা করছে। এ ছাড়া বড়দিন উপলক্ষে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মো. মাসুদ করিম। রমনার কাকরাইলে অবস্থিত সেন্ট মেরিস ক্যাথেড্রাল চার্চে বড়দিনের সার্বিক নিরাপত্তা মহড়া পরিদর্শন করেছেন। পরে তিনি সাংবাদিকদের বলেন, ‘বড়দিন উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশ প্রয়োজনীয় সব নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। আমরা সতর্ক রয়েছি। প্রতিবারের মতো এবারও বড়দিন নির্বিঘেœ ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হবে।’