জাতীয় দল ফেলে বিপিএলে আফ্রিদি, বেজায় চটেছেন আর্থার

রাত পোহালেই সেঞ্চুরিয়নে সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হচ্ছে দক্ষিণ আফ্রিকা আর পাকিস্তান। দ্বিতীয় টেস্ট শুরু হবে নতুন বছরের ৩ জানুয়ারি থেকে। বিস্ময়করভাবে এই সিরিজে খেলছেন না পাকিস্তানের অন্যতম সেরা পেসার শাহিন শাহ আফ্রিদি। এর বদলে তিনি খেলবেন ৩০ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল)। এই ঘটনায় বেজায় চটেছেন পাকিস্তানের সাবেক কোচ মিকি আর্থার।

আসন্ন বিপিএলে শাহিন আফ্রিদিকে দলে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। পাকিস্তান ক্রিকেট বোর্ড তাকে আগামী বছরের ১৫ জানুয়ারি পর্যন্ত বিপিএল খেলার অনুমতি দিয়েছে। সেই হিসেবে বরিশালের হয়ে পাঁচটি ম্যাচ খেলার সুযোগ পাবেন এই পেসার। কিন্তু টেস্ট ম্যাচ বাদ দিয়ে বিপিএল খেলা মানতেই পারছেন না আর্থার। তার মতে, কোনো পেসার যদি দক্ষিণ আফ্রিকায় বল না করে তাহলে কোথায় করবে?

সেঞ্চুরিয়নে সবসময়ই পেসারদের দাপট দেখা যায়। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ‘ইএসপিএনক্রিকইনফো’কে দেওয়া এক সাক্ষাৎকারে মিকি আর্থার বলেছেন, ‘বিশ্বাস হয় না। শাহিন যদি দক্ষিণ আফ্রিকায় বোলিং না করে, তাহলে কোথায় বোলিং করবে? পেস বোলারদের জন্য দক্ষিণ আফ্রিকাকে দুনিয়ার সেরা জায়গা বলা যায়। আমি জানি, আপনার কাছে মির হামজা আছে, কিন্তু শাহিন তো ম্যাচ উইনার।’

পিসিবি অবশ্য শাহিনকে না রাখার একটা ব্যখ্যা দিয়েছে। ওয়ার্ক লোড ম্যানেজমেন্টের কারণেই নাকি এই সিরিজে শাহিনকে রাখা হয়নি। তাকে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে পুরোপুরি ফিট অবস্থায় পেতে চায় পাকিস্তান। আর টেস্টে লম্বা সময় তাকে বোলিং করতে হতো। সে তুলনায় বিপিএলে ম্যাচপ্রতি মাত্র ৪ ওভার বোলিং করতে হবে শাহিনকে। এছাড়া ১৫ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজেও শাহিন থাকছেন না বলে গুঞ্জন আছে।