চ্যাম্পিয়নস ট্রফির কঠিন গ্রুপে কতটা সফল হবে বাংলাদেশ?

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৪, ০৪:২৯ পিএম

ক্রিকেটের একটা ফরম্যাটেই দীর্ঘদিন শক্তিমত্তা দেখিয়েছে বাংলাদেশ। সেই ওয়ানডে ফরম্যাটেই এখন লিটন-শান্তদের করুণ দশা! গত ওয়ানডে বিশ্বকাপে ভরাডুবির পর সম্প্রতি দুটি দ্বিপাক্ষিক সিরিজেই দলের পারফর্মেন্স ছিল শঙ্কা জাগানিয়া। আফগানিস্তানের কাছে সিরিজ হারের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোয়াইটওয়াশ হতে হয়েছে। অথচ, চ্যাম্পিয়ন্স ট্রফির আর দুই মাসও বাকি নেই।

পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে ‘হাইব্রিড মডেলে’ অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ কঠিন গ্রুপে পড়েছে। ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে আছে ভারত, পাকিস্তান এবং নিউজিল্যান্ড। দুবাইয়ে আগামী ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশ আসর শুরু করবে। সমস্যা হলো, তিনটি দলই প্রতিপক্ষ হিসেবে ভীষণ কঠিন। মড়ার ওপর খাড়ার ঘায়ের মতো বাংলাদেশ দলের অবস্থাও শোচনীয়।

২০১৭ চ্যাম্পিয়নস ট্রফিতে নিউজিল্যান্ডকে গ্রুপ পর্বে হারিয়ে সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশ। সেটাই এখন পর্যন্ত আট দলের আসরে বাংলাদেশের সেরা সাফল্য, যাতে বৃষ্টির সহায়তাও ছিল। অস্ট্রেলিয়া ম্যাচটি পণ্ড না হলে বাংলাদেশ হয়তো এই সাফল্য পেত না। সেই সময় ওয়ানডেতে দুর্দান্ত পারফর্ম করছিল টাইগাররা। এবার তাদের সামনে সুযোগ আইসিসি টুর্নামেন্টের ব্যর্থতা ঝেড়ে ফেলে এগিয়ে যাওয়ার।

ভারতের বিপক্ষে ৪১ ওয়ানডের ৩২টিই হেরেছে বাংলাদেশ। তবে সর্বশেষ পাঁচ ওয়ানডেতে আছে তিন জয়। পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ খেলবে রাওয়ালপিন্ডিতে। এর মাঝে নিউজিল্যান্ডের বিপক্ষে ৪৫ ম্যাচ খেলে বাংলাদেশ হেরেছে ৩৩টিতে। আর পাকিস্তানের বিপক্ষে ৩৯ ওয়ানডে খেলে বাংলাদেশের জয় মাত্র ২টি। তবে রাওয়ালপিন্ডিতে সর্বশেষ দুই টেস্টের সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। সেই অর্জনই হতে পারে শান্তদের জন্য অনুপ্রেরণা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত