বিশ্বাসের শ্বাস
১
তোমাকে আমি ভালোবাসি
এই কথাটি
বলতে না পারার যন্ত্রণার নামই তো প্রেম।
২
আমি তো তোমারই শ্বাসে বোনা
তোমারই রূপের ভগ্নাংশ।
হে মাবুদ
গ্রহণ কর আমার সকল বিষ
ব্যথা ক্ষত ক্ষয় ব্যর্থতার গ্লানি
নূরের তরবারিতে কাটো আমার হৃদয়
কাটো মগজ
কাটো ব্যথার ছানি
আমি মনতলায় বসে শুধু তোমারই নাম জপি।
৩
হে বিশ্বাস
তোমার মাঝে নিজেকে জমা রেখে
আমি তো আমাকেই ভালোবাসি,
তোমাকে ভালোবাসার নাম করে।
৪
এই যে,
মন ও মগজে
আসন গেড়ে বসে আছো
কীভাবে মুছি এই স্বরূপরেখা
ইরেজারের শহরে সবই তো দেখি ধোঁকা
আমিও কেমন যেন, একটু বোকা বোকা!
বলছি কী...
তারচেয়ে ভালো অন্তত এই জন্মে
গোপন ক্ষত হয়ে বুকের পিরামিডে
ঘুমিয়ে থাকো নীল ব্যথার দেশে
ইসরাফিলের ফুৎকারে যদি ঘুম ভাঙে
পরিত্যক্ত নগরে, ধ্বংসস্তূপ সরিয়ে
আমি তোমার সামনে দাঁড়াবো
হে বিশ্বাস
তুমি চোখ তুলে তাকাবে তো?