দুর্নীতি দমন কমিশনের (দুদক) সদ্য সাবেক কমিশনার (তদন্ত) জহুরুল হকের পাসপোর্ট বাতিল করে তার দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব কামরুজ্জামান স্বাক্ষরিত এক চিঠি থেকে বিষয়টি জানা গেছে।
জানা গেছে, মো. জহুরুল হক ২০২১ সালের ৩ মার্চ বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান হিসেবে কমিশনার নিয়োগ পান এবং ১০ মার্চ তিনি দুদকে যোগ দেন। তার দায়িত্বের মেয়াদ ছিল ২০২৫ সালের ৯ মার্চ পর্যন্ত। তবে গত ২৯ অক্টোবর তিনি এবং তার সঙ্গে পুরো কমিশন পদত্যাগ করে। এর আগে ২০১৪ সালের ৪ ডিসেম্বর ঢাকা মহানগর জেলা দায়রা জজ হিসেবে তিনি অবসর গ্রহণ করেন।
দুদকের কমিশনার থাকাকালে জহুরুল হকের বিরুদ্ধে বিভিন্নভাবে দুর্নীতির অভিযোগ ওঠে। সংশ্লিষ্টরা জানান, চাকরিজীবী কোটায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্পে পাঁচ কাঠা আয়তনের দুটি প্লট বরাদ্দ পেয়েছেন জহুরুল হক ও তার স্ত্রী মাসুমা বেগম। দুদক কমিশনার (তদন্ত) হিসেবে দায়িত্ব নেওয়ার পর ২০২২ সালের ২৩ আগস্ট নিজের নামে বরাদ্দ দেওয়া পাঁচ কাঠার প্লটের পরিবর্তে ১০ কাঠা আয়তনের প্লট দিতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর কাছে আবেদন করেন।