১০ দিন পর ডেঙ্গুতে আরেকটি মৃত্যুশূন্য দিন

দেশে গত ২৪ ঘণ্টায় (গতকাল বুধবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুতে কেউ মারা যায়নি। সে হিসাবে ১০ দিন পর আবার ডেঙ্গুতে মৃত্যুশূন্য দিন গেল। এর আগে গত ১৫ ডিসেম্বরও মৃত্যুশূন্য দিন ছিল। এ নিয়ে এ মাসে দুদিন মৃত্যুশূন্য দিন পাওয়া গেল।

সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৬৭ রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এই সংখ্যা গত চার মাস ১১ দিনের মধ্যে সর্বনিম্ন। এর আগে এর চেয়ে কম, অর্থাৎ ৫০ রোগী ভর্তি হয়েছিল গত ১৬ আগস্ট।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষ গতকাল ডেঙ্গুর এ তথ্য জানিয়েছে।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নতুন রোগীদের মধ্যে ৪৩ জন পুরুষ ও ২৪ জন নারী। তাদের মধ্যে সর্বোচ্চ ২০ জন ভর্তি হয়েছে চট্টগ্রাম বিভাগে। এরপর ১২ জন করে ঢাকা উত্তর সিটি ও ঢাকা দক্ষিণ সিটি, ঢাকা বিভাগে ১১, ময়মনসিংহ বিভাগে পাঁচ, রাজশাহী বিভাগে চার, বরিশাল বিভাগে দুই ও সিলেট বিভাগে একজন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে।