মোবাইলে ব্যস্ত স্ত্রী, তিনতলা থেকে ধাক্কা দিলেন স্বামী

স্ত্রী সারাক্ষণ মোবাইল নিয়ে ব্যস্ত থাকেন। ফোন ঘাঁটার কারণে খাবার দিতে দেরি হচ্ছিল। আর তাতেই ক্ষেপে লাল স্বামী। রাগের বশে তিনতলা থেকে স্ত্রীকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ওই নারী। ঘটনাটি ভারতের ছত্তিশগড়ের রায়পুরের।

জানা গেছে, অভিযুক্ত যুবকের নাম সুনীল জগবন্ধু। বুধবার স্ত্রী স্বপ্নার সঙ্গে তার ঝগড়া হয়। সুনীলের অভিযোগ, স্বপ্না বেশিরভাগ সময়ে ফোনে ব্যস্ত থাকেন। এদিন বার বার বলা সত্ত্বেও খাবার না দিয়ে মোবাইল ঘাঁটছিলেন তিনি। এ নিয়েই অশান্তির সূত্রপাত, যা পরে বড় আকার ধারণ করে। খবর ইন্ডিয়া টুডের।

স্থানীয় পুলিশ জানিয়েছে, দেরি করে খাবার দেওয়া নিয়ে দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়। অভিযোগ, তর্কের একপর্যায়ে আচমকা তিনতলা থেকে স্বপ্নাকে ধাক্কা মেরে ফেলে দেন সুনীল। এখন গুরুতর আহতাবস্থায় রায়পুরের ডিকে সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসা চলছে স্বপ্নার। এ ঘটনায় সুনীলের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা রুজু হয়েছে। তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।