মেহজাবীনের বোন মালাইকার নাটকে অভিষেক

ক্যারিয়ারে প্রথম নাটকের শুটিং শুরুর সময়য় থেকেই আলোচনায় উঠে আসেন তারকা অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর ছোট বোন মালাইকা চৌধুরী। তারও আগে তিনি বিজ্ঞাপনে নাম লিখিয়েছেন। এরপর আজ তার অভিষেক হয়েছে অভিনয়ে। সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে আজ মুক্তি পেয়েছে তার অভিনীত প্রথম নাটক 'সন্ধিক্ষণ'।

মেহজাবীন চৌধুরীর গল্পভাবনা থেকে নাটকের চিত্রনাট্য করেছেন রাজ। পরিচালক বলেন, ‘গল্পটি ভালো। শুরু থেকেই নতুন কাউকে কাস্ট করার কথা ভাবছিলাম। মেহজাবীনকে তখন মালাইকার কথা বলি। তার সঙ্গে গল্প নিয়ে বসি। সে–ও গল্পটি পছন্দ করে। যেহেতু মালাইকার প্রথম কাজ, আমরা একটু ধরে সময় নিয়ে কাজটি করেছি, যেন দর্শক নতুন কাউকে ছোট পর্দায় পায়।’

নাটকটি নিয়ে মালাইকা বলেন, আমার প্রেরণা আপু। শৈশব থেকেই আপুকে পর্দায় দেখে বড় হয়েছি। সেই থেকে আমারও মনে হতো অভিনয় করব। কিন্তু সাহস পেতাম না। অনেকবার প্রস্তাব পেয়েছি। কিন্তু অভিনয় করিনি। তখন আপু বলত অল্প অল্প করে এগোতে। যে কারণে বিজ্ঞাপনের মডেল হয়েছি। এবার প্রথম অভিনয় করলাম। দর্শক কীভাবে নেবেন, সেটাই এখন দেখার অপেক্ষায় রয়েছি।

মেহজাবীন জানান, এখন যেহেতু সে সিদ্ধান্ত নিতে শিখেছে, তাই সে অভিনয়কে ক্যারিয়ার হিসেবে বেছে নিলেও আমাদের কোনো আপত্তি নেই। পরিবার থেকে মালাইকার জন্য সব রকম স্বাধীনতা দেওয়া আছে।