১৩ দফা দাবিতে নারায়ণগঞ্জে গার্মেন্টস শ্রমিকদের মানববন্ধন

সরকার ঘোষিত ন্যূনতম মজুরি বাস্তবায়নসহ ১৩দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে জেএম নিটওয়্যার লিমিটেড নামের একটি গার্মেন্টস কারখানার শ্রমিকরা। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে শ্রমিকরা।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের চাষাঢ়াস্থ কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক রাজীব চন্দ্র ঘোষের কাছে স্মারকলিপি প্রদান করে শ্রমিকরা।

গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি সেলিম মাহমুদের নেতৃত্বে উপস্থিত ছিলেন গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শরীফ, সিদ্ধিরগঞ্জ থানা শাখার সভাপতি রুহুল আমিন সোহাগসহ কারখানা শ্রমিকরা।

১৩ দফা দাবি সমূহ হলো- সরকার ঘোষিত নূন্যতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা বাস্তবায়ন করতে হবে। বকেয়া ও অর্জিত ছুটির টাকা ফুল পরিশোধ করতে হবে। প্রত্যেক সেকশনে শ্রম আইন অনুযায়ী গ্রেড নির্ধারণ করতে হবে। শ্রম আইন অনুযায়ী প্রত্যেক মাসের ০৭ (সাত) কর্ম দিবসের মধ্যে বেতন পরিশোধ করতে হবে। মাতৃত্বকালীন ছুটির টাকা শ্রম আইন অনুযায়ী স্ব-বেতনে ৪ মাস ছুটি দিতে হবে। শ্রম আইন অনুযায়ী সকল শ্রমিকদের নিয়োগপত্র পরিচয় পত্র দিতে হবে। নাইট বিল ১২টা পর্যন্ত ৬০ টাকা ২টা পর্যন্ত ৮০ টাকা দিতে হবে। কোনো শ্রমিক রিজাইন দিলে শ্রম আইন অনুযায়ী প্রাপ্য পাওনা পরিশোধ করতে হবে। কোনো শ্রমিককে গালাগালি ও গায়ে হাত দেওয়া যাবে না। কোনো শ্রমিক কারখানায় অসুস্থ হলে তাকে চিকিৎসার ব্যবস্থা করতে হবে। কোনো শ্রমিককে বেআইনিভাবে ছাটাই করা চলবে না। হাজিরা বোনাস ৫০০ টাকা দিতে হবে। বাৎসরিক ইনক্রিমেন্ট ২০% বৃদ্ধি করতে হবে। বহিরাগত জুট সন্ত্রাসী দিয়ে শ্রমিকদের হয়রানি করা চলবে না।