শনের দেড়শ ছুঁই ইনিংসে রান পাহাড়ে জিম্বাবুয়ে

ঘরের মাঠে ১৯৯৬ সালে সবশেষ বক্সিং ডে টেস্ট খেলতে নেমেছিলো জিম্বাবুয়ে। আর এই প্রথম বক্সিং ডে টেস্টে মাঠে নামে আফগানিস্তান। বুলাওয়ে টেস্টের প্রথম দিন শেষে দারুণ অবস্থানে রয়েছে জিম্বাবুয়ে। শন উইলিয়ামসের অপরাজিত ১৪৫ এবং বেন কারেন ও ক্রেইগ এরভিনের ফিফটিতে প্রথম দিন শেষে ৪ উইকেটে ৩৬৩ রান তুলেছে স্বাগতিকরা।

তৃতীয় সেশনে ১১৫ বলে ক্যারিয়ারের ৫ম টেস্ট সেঞ্চুরি তুলে নেন জিম্বাবুয়ের ব্যাটিং অলরাউন্ডার শন উইলিয়ামস। ১৬১ বলে তার অপরাজিত ইনিংসটি সাজানো ৩টি ছক্কা ও ৯টি চারে। জিম্বাবুয়ে অধিনায়ক ক্রেইগ এরভিন অপরাজিত আছেন ৫৬ রানে। এ দুজনের পঞ্চম উইকেটে জুটি দাঁড়িয়েছে ১৪৩ রানের।

এছাড়াও ব্যাটে রান ও প্রতিটি উইকেটে ভালো জুটি পেয়েছেন জিম্বাবুয়ের টপ অর্ডার ব্যাটসম্যানরা। অভিষেক ইনিংসে ১১ চারে ৭৪ বলে ৬৮ রান করেন বেন কারেন। তিনে নেমে টি কাইতানো খেলেন ৪৬ রানের ইনিংস। প্রথম চার জুটিতে আসে ৪৩, ৪৯, ৭৮ ও ৫০ রান।

দুই দেশের জন্যই মর্যাদার এই টেস্টে অভিষেক হয়েছে ৬ ক্রিকেটারের। জিম্বাবুয়ের হয়ে টেস্ট ক্যাপ মাথায় পরেছেন বেন কারেন এবং দুই পেসার ট্রেভর গোয়ানডো ও নিউম্যান নিয়ামহুরি। আফগানদের হয়ে অভিষেক হওয়া তিনজনই ক্রিকেটের পরিচিত মুখ। ওপেনার সেদিকুল্লাহ অটল, অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাই এবং স্পিনার আল্লাহ মোহাম্মদ গজনফর।

অভিষেক ইনিংসে জোড়া উইকেট পেয়েছেন গজনফর। বাকি দুটি উইকেট নিয়েছেন জহির খান, নাভিদ জাদরান।