জাল মুক্তিযোদ্ধা সনদে বিসিএস ক্যাডার!

মুক্তিযোদ্ধা চাচাকে বাবা এবং চাচিকে মা পরিচয় দিয়ে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে মুক্তিযোদ্ধা কোটায় বিশ^বিদ্যালয়ে ভর্তি এবং পরে বিসিএস প্রশাসন ক্যাডারে চাকরি নেওয়ার অভিযোগে নওগাঁর আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. কামাল হোসেনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বৃহস্পতিবার দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১-এ মামলাটি করা হয়। দুদকের মহাপরিচালক (ডিজি) মো. আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

মামলার এজাহারে বলা হয়, বিসিএস (প্রশাসন) ক্যাডারের ৩৫ ব্যাচের কর্মকর্তা কামাল হোসেন বর্তমানে সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার কর্মকর্তা। তার প্রকৃত বাবা মো. আবুল কাশেম ও মা মোছা. হাবীয়া খাতুন মুক্তিযোদ্ধা নন। তিনি সুকৌশলে তার প্রকৃত বাবা-মায়ের পরিবর্তে আপন চাচা বীর মুক্তিযোদ্ধা মো. আহসান হাবীব এবং চাচি মোছা. সানোয়ারা খাতুনকে বাবা-মা দেখিয়ে মুক্তিযোদ্ধা কোটায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। পরে তিনি মুক্তিযোদ্ধা কোটায় চাকরি লাভসহ বিভিন্ন সুযোগ-সুবিধা ভোগ করে আসছেন।

মামলার এজাহারে আরও বলা হয়, এর আগে এ বিষয়ে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে পৃথকভাবে তদন্ত করে অভিযোগে সভ্যতা পাওয়া যায়। মামলা তদন্তে মো. কামাল হোসেনের ডিএনএ টেস্টেরও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

অভিযোগের বিষয়ে আত্রাইয়ের ইউএনও মো. কামাল হোসেন গণমাধ্যমকে বলেছেন, ‘আমার বিরুদ্ধে প্রতিপক্ষ একটি গ্রুপ মিথ্যা-বানোয়াট একটি অভিযোগ মন্ত্রণালয়ে এবং পরে হয়তো দুদকে জমা দিয়েছিল। আমি অভিযোগের বিপরীতে মন্ত্রণালয়ে সংশ্লিষ্ট নথিপত্র জমা দিয়েছি। আমি তাদের শুনানিতেও অংশ নিয়েছি। আমার তো কোনো কিছু জাল নথিপত্র নেই। তারপরও কেন মামলা হলো, সেটা তো আমারও প্রশ্ন।’