মাটি বিক্রির টাকা ভাগাভাগি, বিএনপির দুই পক্ষের সংঘর্ষ-বোমা হামলা-গুলিবর্ষণ

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া বাজারে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ঘটনা ঘটেছে। এ সময় বোমা হামলা, দোকান ভাঙচুর ও কয়েক রাউন্ড গুলিবর্ষণের ঘটনাও ঘটে।

গতকাল বৃহস্পতিবার সকাল থেকে গভীর রাত পর্যন্ত  বা বাগআঁচড়া বাজারে ময়ূরী সিনেমা হলের সামনে দুই দফায় সংঘর্ষ হয়। এতে ৩ জন আহত হয়েছে।

প্রতাক্ষদর্শী ও পুলিশ জানায়, বিএনপির সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তির অনুসারী বাগআঁচড় যুবদলের বহিষ্কৃত কর্মী মাসুদ ও সাতমাইল এলাকার যুবদল কর্মী বাবর আলীর মধ্যে বিরোধ চলছিল। মাটি বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে তাদের মধ্যে এই বিরোধ চলছিল। এর জেরে মাসুদের নেতৃত্বে বাবুকে বাগআঁচড়া বাজারে মারপিট করা হয়।

পরে বাবর পক্ষের নেতাকর্মীরা খবর পেয়ে বুধবার রাত ১২টার দিকে মোটরসাইকেল বহর নিয়ে ময়ূরী সিনেমা হলের সামনে এসে মাসুদের বাবা ইসমাইলের দোকান ভাঙচুর করে। কয়েক রাউন্ড গুলিবর্ষণ ও কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে চলে যায়।

ওই ঘটনার সূত্র ধরে গতকাল সকালে আবারও মোটরসাইকেল বহর নিয়ে মাসুদের বাড়িতে হামলা চালায় তারা। এসময় তারা কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটায় এবং চাইনিজ কুড়াল দিয়ে দুটি মোটরসাইকেল কুপিয়ে ক্ষতিগ্রস্ত করে।

বাবু জানান, বুধবার রাতে মাসুদ তার মোটরসাইকেলের গতিরোধ করে তাকে মারধর করে ২০ লাখ টাকা ছিনিয়ে নেয়।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির আব্বাস জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।  কোন অভিযোগ বা মামলা হলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।