‘আমাকে মুখ্যমন্ত্রীর পদের প্রস্তাবও দেওয়া হয়েছিল’

করোনা মহামারীর সময় ব্যাপক আলোচনায় আসেন অভিনেতা সোনু সুদ। মহামারির সময় ত্রাতা হয়ে উঠেছিলেন এ অভিনেতা। পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে তার বিশেষ ভূমিকা ছিল। সাধারণ মানুষ যে কোনো সমস্যাতেই তাকে ডেকে সাড়া পেয়েছিলেন। রাজনীতির সঙ্গে যোগাযোগ না রেখেও যে মানুষের জন্য কাজ করা যায়, তা প্রমাণ করেছিলেন সোনু সুদ। একাধিক মহল থেকে রাজনীতিতে যোগদান করার লোভনীয় প্রস্তাব এসেছে বলিউড অভিনেতা সোনু সুদের কাছে। এমনকি মুখ্যমন্ত্রীর পদ ও রাজ্যসভার আসনের প্রস্তাবও পেয়েছেন এ অভিনেতা। কিন্তু এসব প্রস্তাবেও নিজের অবস্থান থেকে সরে যাননি সোনু। অনড় থেকেছেন নিজের সিদ্ধান্তে। 

সোনু বলেন, ‘আমাকে মুখ্যমন্ত্রীর পদের প্রস্তাবও দেওয়া হয়েছিল। আমি সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছি। পরে আবার উপমুখ্যমন্ত্রী হতে বলা হয়েছে। দেশের অন্যতম প্রভাবশালীরা চেষ্টা করেছিলেন আমাকে দলে টানার। তারা বলেছিলেন— তোমাকে নির্বাচনে লড়তে হবে না। শুধু রাজনীতিতে যোগ দাও আর আমার সঙ্গে থাকো।’

দেশের অন্যতম প্রভাবশালীরা তাকে রাজনীতিতে আনার জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন। তা দেখে বেশ অবাক হয়েছিলেন সোনু। অভিনেতা বলেন, অধিকাংশ মানুষই ক্ষমতা ও অর্থের লোভে রাজনীতি করে। এর কোনোটাতেই আমার আগ্রহ নেই। 

তিনি বলেন, ‘আমি নিজের মতো করে মানুষকে সাহায্য করছি। কাউকে আমার কোনো উত্তর দেওয়ারও নেই। রাজনীতিতে থাকলে অনেক দায় থাকে। সেটি আমি ভয় পাই। মানুষকে সাহায্য করার জন্য আমার মুক্ত বাতাসের প্রয়োজন। আমি রাজনীতির বাঁধনকে ভয় পাই। উল্লেখ্য, অভিনেতা সোনু সুদ এ মুহূর্তে তার আসন্ন ছবি ‘ফতেহ’র মুক্তি ও প্রচার নিয়ে ব্যস্ত রয়েছেন।’