দ্রুত দুই উইকেট হারানোর পর ভারতের প্রথম ইনিংসে প্রতিরোধ গড়েছিলেন বিরাট কোহলি আর যশস্বী জয়সোয়াল। জুটির শতরান পূরণ হতেই জয়সোয়াল সম্ভবত চোখ-মুখ বুজে দিলেন এক দৌড়। এর কয়েক বল পর কোহলিও উদ্ভট শট খেলতে গিয়ে উইকেট বিসর্জন দিলেন। অস্ট্রেলিয়ার ৪৭৪ রানের জবাবে ৫ উইকেটে ১৬৪ রান তুলে দ্বিতীয় দিন শেষ করল ভারত।
৬ উইকেটে ৩১১ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করেছিল অস্ট্রেলিয়া। স্মিথ অপরাজিত ছিলেন ৬৮ রানে। আজ শুক্রবার তিনি ১৬৭ বলে তিন অক স্পর্শ করেন। আকাশ দীপের বলে অদ্ভুতভাবে বোল্ড হয়ে থামে তার ইনিংস। এর আগে ব্রিসবেন টেস্টেও স্মিথ ১০১ রানের ইনিংস খেলেছিলেন। স্মিথ ছাড়াও অজিদের হয়ে ফিফটি করেছেন অভিষিক্ত স্যাম কনস্টাস (৬০), মার্নার্স লাবুশানে (৭২) আর উসমান খাজা (৫৭)। অধিনায়ক প্যাট কামিন্স ৪৯ রানে রবীন্দ্র জাদেজার বলে আউট হন।
বল হাতে ৪ উইকেট নিলেও বেদম মার খেয়েছেন ভারতের পেস তারকা জসপ্রিত বুমরা। ৪ ছক্কা হজম করে দিয়েছেন ৯৯ রান। ৪,৪৮৩ বল আর ২৫ টেস্ট পর এটাই ছিল তার প্রথম ছক্কা হজম। মেলবোর্নে নামার আগে ৪৩ টেস্টে বুমরা ছক্কা হজম করেছিলেন মাত্র ৭টি। তার পাশাপাশি রবীন্দ্র জাদেজা নিয়েছেন ৩ উইকেট। ১২২.৪ ওভার ব্যাট করে ৪৭৪ রানে অল-আউট হয় অস্ট্রেলিয়া।
ভারতের প্রথম ইনিংসে অধিনায়ক রোহিত শর্মাকে ফের দেখা গেল ওপেনিং পজিশনে। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। ৫ বলে ৩ রান করে শিকার হয়েছেন প্যাট কামিন্সের। এর মাধ্যমে ৭বার রোহিতকে আউট করলেন কামিন্স, যার মাঝে পাঁচবার অধিনায়ক হিসেবে। টেস্ট ইতিহাসে এমন ঘটনা এর আগে দুইবার দেখা গেছে। সাবেক ইংল্যান্ড অধিনায়ক টেড ডেক্সটারকে ৫ বার আউট করেছিলেন অস্ট্রেলিয়ার রিচি বেনো। আর পাকিস্তানের ইমরান খানের বলে ৫ বার আউট হয়েছিলেন ভারতের কিংবদন্তি ওপেনার সুনীল গাভাস্কার।
তিনে নেমে লোকেশ রাহুল ২৪ রানে আউট হওয়ার পর প্রতিরোধ গড়েন বিরাট কোহলি আর যশস্বী জয়সোয়াল। তাদের ব্যাটে তরতর করে এগিয়ে যাচ্ছিল ভারতের স্কোর। ৮১ বলে ফিফটি পূরণ করা জয়সোয়াল ছুটছিলেন তিন অংকের দিকে। আর ধাক্কা-বিতর্ক থামাতে আইসিসি কর্তৃক সাজাপ্রাপ্ত কোহলির সামনে একমাত্র পথ ছিল পারফর্মেন্স করা। উভয়েই স্বচ্ছন্দে খেলছিলেন। কিন্তু জয়সোয়ালের হঠাৎ কী হলো, বোল্যান্ডকে চার মেরে জুটির শতরান পূর্তির পরের বলেই অনসাইডে শট খেলে আগপিছ চিন্তা না করেই দিলেন পাগলাটে এক দৌড়!
ফলাফল- রানআউট হয়ে ফিরতে হলো ১১৮ বলে ১১ চার ১ ছক্কায় ৮২ রানে। জয়সোয়াল আউট হওয়ার পর কোহলিরও যেন ‘ব্রেন ফেইড’ হয়ে গেল। ৮ বলের ব্যবধানেই সেই বোল্যান্ডের ‘নিরীহ’ এক ডেলিভারিতে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরলেন ৮৬ বলে ৩৬ রান করে। পথ হারাল ভারতের ইনিংস। ৪৬ ওভার ব্যাট করে দিনশেষে তারা তুলেছে ৫ উইকেটে ১৬৪ রান। এখনো তারা স্বাগতিকদের থেকে ৩১০ রান পিছিয়ে। দুই অপরাজিত ব্যাটার রিশাভ পান্ত (৬) আর রবীন্দ্র জাদেজা (৪) কি আজ পারবেন দলকে পথে ফেরাতে?