তার নেতৃত্বেই যুব বিশ্বকাপ জিতেছিল বাংলাদেশ। যেকোনো পর্যায়ের ক্রিকেট মিলিয়েই বাংলাদেশের জন্য সেটিই ছিল প্রথম শিরোপা। তারপর কেটে গেছে চার বছর। আকবর আলী এখনো আন্তর্জাতিক ক্যারিয়ার শুরুই করতে পারেননি। আসন্ন বিপিএলে তিনি দুর্বার রাজশাহীর হয়ে উইকেটকিপার-ব্যাটারের ভূমিকা পালন করবেন। নেতৃত্ব দিতেও আপত্তি নেই তার।
আজ শুক্রবার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে আকবর আলী তার দল নিয়ে আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘আপনি যখন একটা দলে খেলবেন, সেই দলটা নিয়ে আপনাকে সর্বোচ্চ পর্যায়ের আশাবাদী হতে হবে। আমরাও আমাদের দল নিয়ে আশাবাদী। আমাদেরও যথেষ্ট ভালো দল আছে। আমরা যদি নিজেদের পটেনশিয়াল অনুযায়ী খেলতে পারি, যেকোনো দিন যেকোনো দলকে হারাতে পারি। টি-টোয়েন্টি এমন একটা খেলা, যেখানে আপনি কাগজে-কলমে দল বানিয়ে ফল বের করতে পারবেন না। মাঠের খেলাই আসল।’
বিপিএলে কখনই বিদেশি তারকাদের রমরমা দেখা যায় না। প্লে অফে কিছু তারা পাওয়া যায়। এদিক দিয়ে রাজশাহীর পরিস্থিতিটা টিম ম্যানেজম্যান্টের দিকেই ঠেলে দিলেন আকবর, ‘এটা আসলে টিম ম্যানেজমেন্ট ভালো উত্তর দিতে পারবে যে টেবিলে কী হচ্ছে। ক্রিকেটাররা মাঠের খেলা নিয়েই বেশি মনোযোগ রাখছি। ওই বিষয়গুলো নিয়ে আমাদের ধারণাও কম। আমি নিশ্চিত আমাদের ম্যানেজমেন্ট সর্বোচ্চ পর্যায়ের ক্রিকেটার দলে আনার সর্বোচ্চ চেষ্টা করছে।’
বিপিএলে চার বা পাঁচ নম্বর পজিশনে ব্যাট করতে চান আকবর। তবে দলের চাওয়াকেও গুরুত্ব দেবেন। জাতীয় দলে সুযোগ পেতে পারফর্ম করতে হবে। তাই আকবরের কাছে এই লড়াইটা নিজের সঙ্গে নিজের। পাশাপাশি রাজশাহীর নেতৃত্ব দিতে আপত্তি নেই আকবরের, ‘এটা ভাবতে হবে। ম্যানেজমেন্ট থেকে প্রস্তাব এলে আমি অবশ্যই ভেবে দেখতে পারি। টিম ম্যানেজমেন্ট কীভাবে সবকিছু চাচ্ছে, এর ওপর এসব নির্ভর করছে।’