জাতীয় দলের চেনা বৃত্তের বাইরে দীর্ঘ সময় নীরব কাটিয়ে অবশেষে নতুন এক দিগন্তের মুখোমুখি হয়েছেন আকবর আলী। ২০২০ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতানো সেই অধিনায়ক এবার পা রাখছেন আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের দুনিয়ায়। প্রথমবারের মতো কোনো বিদেশি লিগে খেলার সুযোগ পেয়ে নেপাল প্রিমিয়ার লিগের (এনপিএল) আগামী আসরে কর্নালি ইয়াকসের হয়ে মাঠ মাতাবেন এই উইকেটরক্ষক ব্যাটার।
সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ অভিনব ও শৈল্পিক উপায়ে আকবরকে বরণ করে নিয়েছে কর্নালি ফ্র্যাঞ্চাইজিটি। ইনস্টাগ্রামে প্রকাশিত তাদের একটি বিশেষ ভিডিও ক্লিপে যুব বিশ্বকাপের সোনালী ট্রফি, সঙ্গে একটি ব্যাট ও কিপিং গ্লাভস প্রদর্শন করে বাংলাদেশি এই তারকার আগমনী বার্তা নিশ্চিত করে তারা।
ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি ফরম্যাটে এখন পর্যন্ত ৮৬টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে ২৪ বছর বয়সী আকবরের। ১৩০.৬৭ স্ট্রাইক রেটে তার নামের পাশে জমা হয়েছে ১ হাজার ১৮০ রান।
আগামী ১৭ নভেম্বর থেকে মাঠে গড়াবে নেপালের ঘরোয়া টুর্নামেন্টটির তৃতীয় আসর, যা চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত। কীর্তিপুরের ত্রিভুবন ইউনিভার্সিটি আন্তর্জাতিক ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিতব্য আট দলের এই টুর্নামেন্টে বিরাটনগর কিংস, চিতওয়ান রাইনোস, জনকপুর বোল্টস, কাঠমান্ডু গোরখাস, লুম্বিনি লায়ন্স, সুদূরপশ্চিম রয়্যালস এবং কর্নালি ইয়াকস ও পোখারা অ্যাভেঞ্জার্স অংশ নেবে।
আকবরের পাশাপাশি এই লিগে আগেই নাম লিখিয়েছেন সাকিব আল হাসান, যিনি খেলবেন পোখারা অ্যাভেঞ্জার্সের জার্সিতে।
নিজের হ্যাটট্রিক ভুলে যাওয়া খালেদ পেলেন ‘সবার প্রশংসা’