বলিউডের জনপ্রিয় অভিনেতা বরুণ ধাওয়ান অভিনীত অ্যাকশন-ড্রামা ‘বেবি জন’ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন কালিস, এবং প্রযোজনায় রয়েছেন অ্যাটলি। এই ছবিতে বরুণ ছাড়াও অভিনয় করেছেন ওয়ামিকা গাব্বি, কীর্থি সুরেশ এবং জ্যাকি শ্রফ। বিশেষ সাক্ষাৎকারে নির্মাতারা ছবিটির বিশেষত্ব এবং অভিনয়শিল্পীদের নিয়ে তাদের অনুভূতির কথা তুলে ধরেন।
বরুণ ধাওয়ান ‘বেবি জন’ সম্পর্কে বলেন, ‘এই চরিত্রটি শুধুমাত্র অভিনয়ের জন্য নয়, বরং এটি আমার জন্য একটি আবেগের জায়গা। এটলি ও কালিস যখন আমাকে এই চরিত্রের জন্য প্রস্তাব দেন, আমি জানতাম এটি আমার জন্য একটি নতুন চ্যালেঞ্জ। আমি চেষ্টা করেছি নিজের সেরা কাজটি দেওয়ার এবং দর্শকদের জন্য কিছু নতুন উপস্থাপন করার।’
পরিচালক কালিস বরুণকে নিয়ে বলেন, ‘তার স্ক্রিন উপস্থিতি সবসময়ই দৃঢ় ও শক্তিশালী। অ্যাকশন এবং আবেগের ভারসাম্য বজায় রাখার ক্ষেত্রে তার দক্ষতা এই চরিত্রের জন্য উপযুক্ত।’
সিনেমার অন্য অভিনেতাদের নিয়েও আলোচনা করেছেন নির্মাতা। ওয়ামিকা গাব্বি, যিনি ইতিমধ্যেই বলিউড চলচ্চিত্রে নিজ দক্ষতার প্রমাণ দিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, ‘এই চরিত্রটি বহুস্তরীয় ছিল। এটলি এবং কালিসের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা দারুণ গিয়েছে।’
কীর্থি সুরেশ, যিনি তার গভীর আবেগপূর্ণ অভিনয়ের জন্য পরিচিত, ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। জ্যাকি শ্রফ এখানে প্রধান খলনায়কের ভূমিকায় রয়েছেন। যার অভিজ্ঞতা সিনেমাতে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন নির্মাতারা।
‘বেবি জন’ ২০১৬ সালের জনপ্রিয় তামিল চলচ্চিত্র ‘থেরি’-এর হিন্দি রিমেক। মূল চলচ্চিত্রটি পরিচালনা করেছিলেন এটলি, যেখানে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন দক্ষিণের সুপারস্টার বিজয় থালাপতি। বিশেষ প্রদর্শনীতে ইতিমধ্যেই চলচ্চিত্রটি প্রশংসা অর্জন করেছে।