সচিবালয়ে প্রবেশে সাময়িক সময়ের জন্য অ্যাক্রেডিটেশন কার্ড স্থগিত করা হয়েছে কারণ ছাত্রলীগ, যুবলীগ আওয়ামী লীগের নেতাকর্মীদের হাতে শত শত অ্যাক্রেডিটেশন কার্ড আছে। এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ।
এছাড়া সচিবালয়ে প্রবেশে নিষেধাজ্ঞার বিষয়ে সাংবাদিকদের উদ্বিগ্ন না হওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি।
আজ শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
তার ফেসবুকের দেওয়া পোস্টটি এখানে হুবহু তুলে ধরা হল,
‘প্রিয় পেশাদার সাংবাদিক বন্ধুরা উদ্বিগ্ন হবেন না। আপনার কাছে যে অ্যাক্রিডিটেশন কার্ডটি আছে সেরকম শত শত কার্ড আছে ছাত্রলীগ-যুবলীগ-আওয়ামী লীগের নেতাকর্মীদের হাতে।
পতিত আওয়ামী লীগ পেশাদার সাংবাদিকদের কার্ড না দিয়ে ও বাতিল করে হয়রানি করলেও বিভিন্ন ভুয়া নিউজ পোর্টাল/ পত্রিকার নামে তাদের নেতাকর্মীদের নামে শতশত কার্ড ইস্যু করেছে।
এই কার্ডগুলো একটা একটা করে যাচাই বাছাই করা অত্যন্ত দুরূহ কাজ। আবার সচিবালয়ে সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনায় তড়িৎ পদক্ষেপ নেয়া ছাড়াও কোন উপায় নেই।
খুব শিগগিরই পেশাদার সাংবাদিকরা তাদের প্রতিষ্ঠানের চাহিদার ভিত্তিতে পাবেন নতুন অ্যাক্রিডিটেশন কার্ড। তবে এরমধ্যে নিশ্চয়ই সাংবাদিকতা থেমে থাকবে না, সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ থেমে থাকবে না। সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে সাময়িক পাস নিয়ে প্রবেশ করতে পারবেন সাংবাদিকরা।