সাংবাদিক সমাজের কল্যাণ, অধিকার ও পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার প্রত্যয়ে বাংলাদেশ জার্নালিস্ট প্রোটেকশন ফোরামের (বিজেপিএফ) নতুন কমিটি গঠন করা হয়েছে। আগামী দুই বছরের জন্য সংগঠনটির সভাপতি নির্বাচিত হয়েছেন ভয়েস অব ডেমোক্রেসির সিনিয়র রিপোর্টার ইঞ্জিনিয়ার আল-আমিন এম তাওহীদ। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আরটিভির মোহাম্মাদ সায়েম এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন একুশে টেলিভিশনের মো. শফিকুল ইসলাম।
‘মহান পেশার সম্মান অক্ষুণ্নে আপসহীন’ স্লোগানে শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরের ম্যানিন থাই চাইনিজ হোটেলে নির্বাচন কার্যক্রম অনুষ্ঠিত হয়। সংগঠনের সব সদস্যের উপস্থিতি, মতামত ও সমর্থনের ভিত্তিতে নবনির্বাচিত কমিটি ঘোষণা করেন গণমাধ্যম ব্যক্তিত্ব মো. জাকির হোসেন। এ সময় আমন্ত্রিত বিশিষ্ট ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।
কমিটির অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন সিনিয়র সহসভাপতি ডিবিসি নিউজের অজিত সরকার, সহসভাপতি মোহনা টিভির নাছির উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক এশিয়ান টিভির সাবেক রিপোর্টার তারান্নুম রিয়া মনি, অর্থ সম্পাদক দেশ রূপান্তরের মোহাম্মদ খোকা, দপ্তর সম্পাদক ভিকটোরি নিউজের মো. সাদী আব্দুল্লাহ, প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক কালের সমাজের মো. প্রিন্স ওসমান, আইন ও মানবাধিকার সম্পাদক গ্লোবাল টেলিভিশনের আলাউদ্দিন আল আজাদ, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক দৈনিক করতোয়ার মো. নুরুজ্জামান রিকু এবং পেশাগত অধিকার ও কল্যাণ সম্পাদক বাংলাদেশ বুলেটিনের রনি সিকদার।
এ ছাড়া তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক হয়েছেন দেশ টিভির মো. আবির, নারী ও সমাজকল্যাণ সম্পাদক চ্যানেল নাইনের নামিরা আহমেদ, শিক্ষা বিষয়ক সম্পাদক বাংলা টিভির আসাদুজ্জামান শেখ এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক যমুনা টিভির কাতার প্রতিনিধি আকবর হোসেন বাচ্চু।
কার্যকরী সদস্য নির্বাচিত হয়েছেন দৈনিক সংবাদের জাবির আহমেদ, বাংলাদেশ বুলেটিনের মো. আবুল কালাম, ভয়েস অব ডেমোক্রেসির মো. শাহাবুদ্দিন হোসেন, সিএনআইয়ের মো. হাফিজুর রহমান এবং বাংলা টিভির মো. আবুল কালাম।
সংক্ষিপ্ত আলোচনায় নবনির্বাচিত সভাপতি ইঞ্জিনিয়ার আল-আমিন এম তাওহীদ বলেন, সাংবাদিকতা শুধু একটি পেশা নয়, এটি রাষ্ট্র ও সমাজের প্রতি গুরুত্বপূর্ণ দায়িত্ব। সাংবাদিকরা সমাজের দর্পণ, রাষ্ট্রের বিবেক এবং জনগণের অধিকার ও সত্য প্রতিষ্ঠার অন্যতম প্রধান শক্তি।
তিনি বলেন, অত্যন্ত দুঃখের বিষয়, দেশের বিভিন্ন স্থানে এখনো পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকরা হামলা, মামলা, হুমকি, হয়রানি, নির্যাতন ও নানা প্রতিবন্ধকতার শিকার হচ্ছেন। অনেক সাংবাদিক জীবনের ঝুঁকি নিয়ে সংবাদ সংগ্রহ করলেও তাঁদের নিরাপত্তা, ন্যায্য অধিকার ও পেশাগত মর্যাদা নিশ্চিত করার ক্ষেত্রে নানা সীমাবদ্ধতা রয়েছে।
আল-আমিন এম তাওহীদ বলেন, বাংলাদেশ জার্নালিস্ট প্রোটেকশন ফোরামের মূল লক্ষ্য হলো সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা এবং সাংবাদিক সমাজের ন্যায্য দাবি বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করা। তারা বিশ্বাস করেন, একজন সাংবাদিকের কলম যেন কোনো ভয়, চাপ কিংবা প্রলোভনের কাছে মাথানত না করে। সত্য প্রকাশের স্বাধীনতা গণতান্ত্রিক রাষ্ট্রের অন্যতম ভিত্তি। তাই সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার পরিবেশ তৈরি করা রাষ্ট্র, সমাজ ও সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের দায়িত্ব।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মাদ সায়েম বলেন, ‘আমরা কোনো ব্যক্তি, দল কিংবা গোষ্ঠীর প্রতিপক্ষ নই। আমরা অন্যায়ের প্রতিপক্ষ, অনিয়মের প্রতিপক্ষ এবং সাংবাদিক নির্যাতনের প্রতিপক্ষ।’
তিনি আরও বলেন, সাংবাদিকরা যেন সত্য প্রকাশের কারণে হয়রানির শিকার না হন, সেটিই তাদের প্রত্যাশা। একজন সাংবাদিক যেন পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে নিজের জীবন, পরিবার কিংবা জীবিকার নিরাপত্তা নিয়ে আতঙ্কিত না থাকেন। সাংবাদিকদের ন্যায্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের সংশ্লিষ্ট দপ্তর, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গণমাধ্যমের মালিকপক্ষ এবং দেশের সচেতন নাগরিক সমাজের প্রতি সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
কমিটির নতুন দায়িত্বপ্রাপ্ত অন্য সদস্যরাও সাংবাদিকদের ন্যায্য অধিকার, মর্যাদা, নিরাপত্তা ও পেশাগত স্বাধীনতা প্রতিষ্ঠার সংগ্রামে দায়িত্বশীল, সাহসী ও ঐক্যবদ্ধ ভূমিকা পালনের অঙ্গীকার করেন। সত্য, ন্যায় এবং সাংবাদিক সমাজের অধিকার প্রতিষ্ঠার পক্ষে তাদের পথচলা অব্যাহত থাকবে বলেও জানান তারা।