আবার সেঞ্চুরি হাঁকালেন ‘রানমেশিন’ জ্যোতি

মেয়েদের জাতীয় ক্রিকেট লিগে টানা দ্বিতীয় সেঞ্চুরি হাঁকালেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। আজ শনিবার সেন্ট্রাল জোনের হয়ে ইস্ট জোনের বিপক্ষে তিনি তিন অংক ছুঁয়েছেন। ২১৮ বলে ১১ বাউন্ডারিতে তিনি এই ম্যাজিক ফিগারে পৌঁছেন।

এর আগে ওপেনার দিলারা দিলার ১০২ রান আর তিথি-সুপ্তার জোড়া ফিফটিতে ভর করে প্রথম ইনিংসে ৩৫৪ রান তুলেছিল ইস্ট জোন। জবাবে সেন্ট্রাল জোনের হয়ে ১৭০ রানের ঝলমলে ইনিংস উপহার দেন ওপেনার মুর্শিদা খাতুন। তারই পথ ধরে নিগারও তুলে নেন টানা দ্বিতীয় সেঞ্চুরি।

এর আগে মেয়েদের প্রথম শ্রেণির ক্রিকেটে দেশের হয়ে প্রথম সেঞ্চুরি করে ইতিহাস গড়েছিলেন সেন্ট্রাল জোনের অধিনায়ক নিগার। তার এবং মুর্শিদার জোড়া সেঞ্চুরিতে ইতোমধ্যেই লিড নিয়েছে সেন্ট্রাল জোন। এই রিপোর্ট লেখা পর্যন্ত ১১৫ ওভারে সেন্ট্রাল জোনের সংগ্রহ ৪ উইকেটে ৩৭৫ রান।