গোপালগঞ্জ হাসপাতালের চিকিৎসক গ্রেপ্তার

গোপালগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. ফারুক আহমেদকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। 

গতকাল শুক্রবার রাতে সদর হাসপাতালের আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি আদালত অবমাননার দায়ে ৫ দিনের সাজাপ্রাপ্ত আসামি।

 

জানা গেছে, জি. আর মামলা নং-৩৮৪/২৪ এর সার্টিফিকেট সংক্রান্ত নথিপত্রসহ আরএমও-কে আদালতে হাজির হওয়ার জন্য আদেশ প্রদান করেন গোপালগঞ্জে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফিরোজ মামুন। কিন্তু একাধিকবার নির্দেশ দেওয়ার সত্ত্বেও তিনি নথিপত্র নিয়ে হাজির না হওয়ায় তাকে ৫ দিনের বিনাশ্রম সাজা দেন আদালত।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. সাজেদুর রহমান বলেন, ‘ইতোপূর্বে ডা. ফারুক আহমেদকে আদালত একটি মামলায় কিছু কাগজপত্র ও নথি চেয়ে তলব করেন। কিন্তু দীর্ঘদিন তিনি আদালতে হাজির না হওয়ায় আদালত অবমাননার দায় এনে তাকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন বিজ্ঞ আদালত। এ নিয়ে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল। এর ভিত্তিতে রাতে পুলিশ তাকে গ্রেপ্তার করে। তাকে আদালতে পাঠানো হয়েছে।’