জ্যোতি ১৭১, মুরশিদা ১৭০, মোস্তারি ১১৮*

নারী জাতীয় ক্রিকেট লিগে দ্বিতীয় রাউন্ডের দুই ম্যাচই ড্র হয়েছে। গতকাল দ্বিতীয় রাউন্ডের শেষ দিনে সব আলো নিজের দিকে করে নেন নিগার সুলতানা জ্যোতি। নারীদের প্রথম শ্রেণি ক্রিকেটে টানা দ্বিতীয় সেঞ্চুরি করেন জ্যোতি। ইস্ট জোনের বিপক্ষে আগের দিন ৬৪ রানে অপরাজিত থাকা জ্যোতি গতকাল তিনি তিন অঙ্কের ম্যাজিক ফিগার ছুঁয়েছেন ২১৮ বলে। শেষ পর্যন্ত ৩২২ বলে ১৭১ রানের ইনিংস খেলেন সেন্ট্রাল জোনের অধিনায়ক জ্যোতি।

বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক জ্যোতির এই ইনিংসই এখন পর্যন্ত বিসিএলের সর্বোচ্চ রানের ইনিংস। তিনি পেছনে ফেলেন একই দলে খেলা মুরশিদা খাতুনের ১৭০ রানের ইনিংসকে। প্রথম ইনিংসে ইস্ট জোন অলআউট হয়েছিল ৩৫৪ রানে। জবাবে সেন্ট্রাল জোন ৮ উইকেটে ৫২৮ রান তোলার পর ম্যাচ ড্র হয়। নর্থ ও সাউথ জোনের ম্যাচটি শেষ দিনে জমে উঠেছিল। নর্থের হয়ে দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করেন জাতীয় দলের আরেক ব্যাটার সোবহানা মোস্তারি। ১১৮ রানে অপরাজিত থাকেন তিনি। ১৪৬ বলে ১৪টি চার ও ৪ ছক্কা মেরেছেন এই টপ অর্ডার ব্যাটার। সোবহানার দল ৫ উইকেটে ২৫৭ রান তুলে দ্বিতীয় ইনিংস ছেড়ে দিয়ে সাউথকে ২৭৬ রানের লক্ষ্য দেয়। লক্ষ্য ছঁতে দুই সেশন সময় পেয়েছিল সাউথ জোন। ৮ উইকেটে ২৩২ রান তোলার পর শেষ হয়ে যায় ম্যাচ। দলের হয়ে সর্বোচ্চ ৪৯ রান করেন রুবাইয়া হায়দার।