বিচার করে বিজয় দিবস উদযাপন

জুলাই-আগস্টের গণহত্যায় জড়িতদের বিচার আগামী বছরের বিজয় দিবসের আগেই শেষ হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। গতকাল শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ‘ঐক্য, সংস্কার ও নির্বাচন’ নিয়ে সংলাপের দ্বিতীয় দিনে ‘গুম-খুন থেকে জুলাই গণহত্যা : বিচারের চ্যালেঞ্জ’ শীর্ষক অধিবেশনে এ কথা বলেন তিনি। অনুষ্ঠানটির আয়োজন করে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ।

আইন উপদেষ্টা বলেন, ‘জুলাই গণহত্যার যে বিচারকাজ আমরা শুরু করেছি, আমরা আশা করছি সামনের বছর বিজয় দিবসের আগে এ বিচার অন্তত বিচারিক আদালতে (আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল) সম্পন্ন হবে।’ তিনি আশা প্রকাশ করে বলেন, ‘আমরা আগামী বিজয় দিবস গণহত্যাকারীদের শাস্তির রায়ের মাধ্যমে উদযাপন করব।’

জুলাই-আগস্ট গণহত্যাসহ আওয়ামী লীগ সরকারের সময়ে গুম-খুনের বিচারে ধীরগতির ব্যাখ্যা দেন ড. আসিফ নজরুল। তিনি বলেন, ‘আমি নিশ্চিত করে বলতে চাই, আইন উপদেষ্টা হিসেবে আমার প্রধানতম দায়িত্ব হচ্ছে, এই গণহত্যার বিচার করা। কিন্তু বিচারটা করার সময় আমাকে গ্রহণযোগ্য মাত্রায় করতে হবে। বিচার নিয়ে যেন কোনো তীব্র প্রশ্ন না উঠে।’ তিনি বলেন, ‘কিছুই রেডি ছিল না। বিচার যে ভবনে হবে, সেই ভবন রেডি ছিল না, বিচারক ছিল না, প্রসিকিউটর টিম, ইনভেস্টিগেশন টিম রেডি ছিল না, শূন্য থেকে শুরু করতে হয়েছে। আমি মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পরে দুই সপ্তাহের মধ্যে প্রসিকিউটর টিম করা হয়েছে। এর চেয়ে দ্রুত কি করা যায়?’

আইন উপদেষ্টা আরও বলেন, ‘ফ্যাসিস্ট হাসিনার প্রচুর টাকা আছে, লবিং ক্যাপাসিটি আছে, শত্রুভাবাপন্ন দেশ আছে। তাই এমনভাবে বিচার করতে হবে, যা নিয়ে তীব্র প্রশ্ন উঠতে না পারে। প্রশ্ন তারা তুলবেই। কিন্তু প্রশ্নটা যেন কোনোভাবে যৌক্তিক না হয়, সেই চেষ্টাটা করতে হবে।’