পান্তকে যে কারণে তিনবার ‘স্টুপিড’ বললেন গাভাস্কার

রিশাভ পান্তর কাণ্ড দেখে সুনিল গাভাস্কার এতটাই চটে গেলেন যে, ধারাভাষ্যকারের পেশাদারিত্বের মোড়কে আর বন্দি থাকতে পারলেন না। মুখ থেকে বেরিয়ে এলো তিনটি শব্দ- ‘স্টুপিড! স্টুপিড! স্টুপিড!’ প্রতিটি উচ্চারণের সঙ্গে গলার জোর শুধু বেড়েছে। গাভাস্কারের সেই বক্তব্য এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। কিন্তু কী হয়েছিল?

গতকাল শনিবার ৫ উইকেটে ১৬৪ রানে তৃতীয় দিনের খেলা শুরু করেছিলেন পান্ত ও রবীন্দ্র জাদেজা। দিনের খেলার প্রথম ঘণ্টা পার করে দেওয়ার কাছাকাছিই ছিলেন দুজন। ৩৭ বলে ২৮ রানে ভালোই ব্যাট করছিলেন পান্ত। কিন্তু দিনের ১০ম ওভারেই স্কট বোল্যান্ডের বোল্যান্ডের তৃতীয় বলে পান্ত অফ স্টাস্পে সরে গিয়ে ফাইন লেগের ওপর দিয়ে বোল্যান্ডকে তুলে খেলতে চাইলেন।

এটা পান্তের ট্রেডমার্ক শট, কিন্তু বল একটু পেছনের লেংথে পড়ায় টাইমিং ঠিকঠাক হয়নি। পান্ত বরাবরের মতো ভারসাম্য হারিয়ে পড়ে যান, বল লাগে শরীরে। পরের বলে আবার অফস্টাম্প থেকে সরে এসে স্কুপ করতে গিয়ে ক্যাচ তুলে দেন থার্ডম্যানে। ধারাভাষ্যকার হার্শা ভোগলে এই আউটের বর্ননা দিচ্ছিলেন। তার মুখ থেকে কথা কেড়ে নিয়ে গাভাস্কার বলেন স্টুপিড! স্টুপিড! স্টুপিড!’

আসলে পান্ত ও জাদেজা ছিলেন ভারতের ইনিংসে ব্যাটসম্যানদের শেষ স্বীকৃত জুটি। তাই ওই সময় পান্তের ওরকম ঝুঁকিপূর্ণ শট খেলা মানতেই পারেননি গাভাস্কার। অবশ্য পরে আট নম্বরে নামা নিতিশ রেড্ডির সেঞ্চুরিতে ভারত ভালোভাবেই ম্যাচে ফিরেছে। সঙ্গে ছিলেন ওয়াশিংটন সুন্দরও। কিন্তু পান্তর আউট ওই সময় ভারতকে মহাবিপদে ফেলে দিয়েছিল।

গাভাস্কার তাই রাগে গজরাতে গজরাতে বলছিলেন, ‘দুজন ফিল্ডার থাকতেও শট খেলেছে। আগের শটটি মিস করেছে এবং দেখুন ক্যাচটি কোথায় ধরেছে, ডিপ থার্ডম্যান ক্যাচটি নিয়েছে। এটা হলো, নিজের উইকেট ছুঁড়ে দিয়ে আসা! তোমাকে (পান্ত) পরিস্থিতিটা ভালো করে বুঝতে হবে। এটা আমার স্বাভাবিক খেলা—এমন বলার সুযোগ নেই। আমি দুঃখিত, এটা তোমার স্বাভাবিক খেলা না।’

ভারতের কিংবদন্তি ওপেনার এরপর আরও রেগেমেগে বলেন, ‘এটা একটা স্টুপিড শট। এটা দলকে আরও বিপদের মুখে ঠেলে দেওয়া।’ ভোগলে এরপর বলেন, ‘আমার মনে হয়, ড্রেসিংরুমে এটা নিয়ে খুব বেশি কথা হবে না।’ গাভাস্কার যেন আরও রেগে যান। বলেন, ‘তার ড্রেসিংরুমে যাওয়া উচিত নয়। তার অন্য (অস্ট্রেলিয়া) ড্রেসিংরুমে যাওয়া উচিত!’