গিলক্রিস্টকে টপকে টেস্টে ছক্কার বিশ্বরেকর্ড পান্তের

আপডেট : ১৮ আগস্ট ২০২৬, ০৪:৫১ পিএম

টেস্ট ক্রিকেটে উইকেটের পেছনে যেমন ক্ষিপ্রতা দেখান, ব্যাট হাতে তেমনই বোলারদের ওপর রীতিমতো ঝড় বইয়ে দেন রিশাভ পান্ত। তারই ধারাবাহিকতায় শ্রীলঙ্কার বিপক্ষে গলে সিরিজের প্রথম টেস্টের চতুর্থ দিনে অনন্য এক বিশ্বরেকর্ড গড়েছেন ভারতের এই মারকুটে উইকেটকিপার-ব্যাটার। টেস্ট ক্রিকেটের ইতিহাসে দ্রুততম ব্যাটার হিসেবে ১০০ ছক্কার মাইলফলক স্পর্শ করেছেন।

আট বছর আগে ঠিক আজকের দিনেই (১৮ আগষ্ট) ইংল্যান্ডের বিপক্ষে নটিংহ্যামে টেস্ট অভিষেক হয়েছিল পান্তের। সেখান থেকে গলে নিজের ৫১তম টেস্টে এই কীর্তি গড়লেন ২৮ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার। সিরিজের প্রথম টেস্টের চতুর্থ দিনে লঙ্কান পেসার লাহিরু কুমারার বলে ফাইন লেগের ওপর দিয়ে ছক্কা হাঁকিয়ে কেবল ছক্কার সেঞ্চুরি পূর্ণ করাই নয়, নাম লেখান অভিজাত এক ক্লাবে। টেস্ট ক্রিকেটে এর আগে মাত্র তিনজন ব্যাটার, অ্যাডাম গিলক্রিস্ট, ব্রেন্ডন ম্যাককালাম ও বেন স্টোকস একশো ছক্কার ক্লাবে প্রবেশ করেছিলেন। তবে বলের হিসেবে তাদের সবাইকে ছাড়িয়ে গেছেন পান্ত।

এদিকে লাল বলের এই অভিজাত ফরম্যাটে সবচেয়ে বেশি ছক্কার তালিকায় এখন তিনে পান্ত। ১২ হাজার ৪২৭ বল খেলে সর্বোচ্চ ১৩৮টি ছক্কার মালিক স্টোকস। আর এই তালিকায় দুইয়ে ম্যাককালাম, ৯ হাজার ৯৮৯ বলে ১০৭টি ছক্কা হাঁকিয়ে। এই তালিকায় বাংলাদেশি ব্যাটারদের মধ্যে টেস্টে সবচেয়ে বেশি চক্কা হাঁকিয়েছেন তামিম ইকবাল। ৭০ টেস্টে ৮ হাজার ৮৫২ বলে তার ছক্কার সংখ্যা ৪১ আর ১০৪ টেস্টে ১৪ হাজার ৬৭ বলে মুশফিকুর রহিম হাঁকিয়েছেন ৩৯টি ছক্কা। 

অস্ট্রেলিয়ার সাবেক তারকা ব্যাটার গিলক্রিস্ট ৬,৫৭৮ বল খেলে এতদিন দ্রুততম ১০০ ছক্কার রেকর্ড নিজের দখলে রেখেছিলেন। কিন্তু পান্ত মাত্র ৪,৯১৮ বল খেলে এই অবিশ্বাস্য কীর্তি গড়লেন। ৫১টি টেস্টে এই ব্যাটারের সংগ্রহ এখন ৩৬১৯ রান, যার মধ্যে রয়েছে ৮টি সেঞ্চুরি ও ১৫টি হাফ সেঞ্চুরি।

পান্তের ছক্কার বিশ্বরেকর্ডের দিনে গলে ব্যাট হারে খুব একটা সুবিধে করতে পারেনি ভারত। দ্বিতীয় ইনিংস কেবল ১৯৩ রানেই গুটিয়ে যায় তারা, যার মধ্যে দলীয় সর্বোচ্চ ৬৬ রান আসে পান্তের ব্যাট থেকেই। অবশ্য প্রথম ইনিংসে ৪৬২ রানের বড় সংগ্রহের পর শ্রীলঙ্কাকে ২৮৪ রানেই থামায় শুভমান গিলের দল। এতে জয়ের জন্য স্বাগতিকদের সামনে ৩৭২ রানের বড় লক্ষ্য দিয়েছে ভারত।


×
সর্বশেষ সর্বাধিক পঠিত